বিএনপি ও আওয়ামী লীগ উভয় রাজনৈতিক দলই সংসদীয় আসন ও মন্ত্রিত্বের প্রলোভন দেখিয়ে নিজেদের জোটে যুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছিল বলে দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তবে ক্ষমতার লোভে কোনো জোটে না যাওয়ার কথা জানিয়ে বিরোধী দল জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনৈতিক জোট গঠনের সম্ভাবনাও নাকচ করার ইঙ্গিত দিয়েছেন তিনি।
রোববার (১ নভেম্বর) বিকেলে বরিশাল নগরীর টাউন হল চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার উদ্যোগে আয়োজিত দাওয়াতি মাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
চরমোনাই পীর বলেন, ২০-৩০টি সংসদীয় আসন কিংবা এক-দুটি মন্ত্রিত্বের প্রয়োজন হলে এবং ক্ষমতার প্রতি লোভ থাকলে জামায়াতের সঙ্গে থেকে কেন এমপি হতে হবে? বিএনপি তাদের এমন প্রস্তাব দিয়েছিল, আওয়ামী লীগও একই প্রস্তাব দিয়েছিল। কিন্তু তারা সেই প্রলোভনে রাজি হননি। কারণ, তাদের রাজনীতি ক্ষমতার জন্য নয়; বরং দেশ, ইসলাম ও মানুষের কল্যাণের জন্য।
তিনি বলেন, নির্ভেজাল সত্যের পথে থেকে দেশ ও ইসলামকে রক্ষা এবং মানুষের কল্যাণ নিশ্চিত করাই তাদের রাজনৈতিক লক্ষ্য।
জাতীয় নির্বাচনে এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রসঙ্গ তুলে মুফতি রেজাউল করীম বলেন, এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পরও ইসলামী আন্দোলনের বাক্সে সাড়ে ২২ লাখের বেশি ভোট পড়েছে। কঠিন পরিস্থিতিতেও এত ভোট পাওয়া যাবে, তা তিনি নিজেও কল্পনা করতে পারেননি।
তিনি আরও বলেন, নির্বাচনে প্রত্যাশিত ফল না এলেও তারা হতাশ হননি কিংবা রাজনৈতিক লক্ষ্য থেকে সরে যাননি। পরাজয় বা ভরাডুবি স্বাভাবিক বিষয় হলেও আল্লাহর রহমতে তারা নিজেদের অবস্থানে অটল রয়েছেন।
রেজাউল করীমের দাবি, ২০২৬ সালের জাতীয় নির্বাচনের পর ইসলামের নামে রাজনীতি করা দলগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে থাকার মতো অবস্থানে আর কেউ নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন দৃঢ়ভাবে বলতে পারে, নির্ভেজাল ইসলামের আদর্শভিত্তিক রাজনীতিতে তাদের বিকল্প নেই।
নির্বাচনী ইশতেহার প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল ইশতেহার প্রকাশ করলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের ইশতেহারে ইসলাম ও শরিয়াহভিত্তিক রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার স্পষ্ট করেছে। জাতীয় টেলিভিশনে ইশতেহার প্রকাশের সময়ও তারা অঙ্গীকার করেছিল, ক্ষমতায় গেলে ইসলাম ও শরিয়াহ অনুযায়ী দেশ পরিচালনা করবে।
ইসলাম সম্পর্কে মানুষের মধ্যে ভীতি ও ভুল ধারণা রয়েছে উল্লেখ করে চরমোনাই পীর বলেন, অনেকেই ইসলাম শব্দ শুনলে শিহরিত হন। তাঁদের কাছে ইসলামকে বাঘ বা ভালুকের মতো ভীতিকর কিছু মনে হয়। অথচ ইসলাম একটি আদর্শ।
অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার নেতাকর্মী এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।