প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৪:৩২ পিএম (ভিজিট : ১১৪)

সংগৃহীত ছবি
মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাকের হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) সকাল ৬টার দিকে মাগুরা বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেসের টিকিট কাউন্টার থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তাঁর মাথার পেছনে ছিদ্রের মতো একটি চিহ্ন পাওয়া গেছে।
নিহত সাকের হোসেন মাগুরা শহরের পারনান্দুয়ালী বেপারীপাড়া এলাকার মৃত কুতুব উদ্দিনের ছেলে। তিনি পৌর যুবদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন। পাশাপাশি মাগুরা বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টারে কাউন্টার মাস্টার হিসেবে দায়িত্ব পালন করতেন।
স্বজন ও স্থানীয়রা জানান, বুধবার ভোরে কাউন্টারের ভেতরে সাকের হোসেনকে পড়ে থাকতে দেখেন তাঁরা। পরে তাঁকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। মাথার পেছনে ছিদ্রের মতো চিহ্ন দেখতে পাওয়ার পর বিষয়টি পুলিশকে জানানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সাকের হোসেনকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তাঁর স্বজন ও স্থানীয়রা। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, বুধবার সকালে যুবদল নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর মাথার পেছনে ছিদ্রের মতো একটি চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে বাস টার্মিনাল এলাকায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানসহ বিএনপির অন্যান্য নেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন।