| শিরোনাম: |
সংগৃহীত ছবি
ত্রিদেশীয় সিরিজের অলিখিত ফাইনালে আজ আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ফাইনালে জায়গা করে নিতে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। তবে শুধু জয় পেলেই হবে না, ফাইনালের টিকিট নিশ্চিত করতে পূরণ করতে হবে নির্দিষ্ট সমীকরণও।
বুধবার (২১ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তাওহিদ হৃদয়। ফলে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সামনে জয়ের সমীকরণ এখন স্পষ্ট।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১৭২ রানেই গুটিয়ে যায় দলের ইনিংস। কোনো ব্যাটারই হাফসেঞ্চুরির দেখা পাননি। ফলে ৯৯ রানের বড় ব্যবধানে হারতে হয় টাইগারদের।
জিম্বাবুয়ের কাছে ওই হারের কারণে ফাইনালে ওঠার পথ কঠিন হয়ে পড়ে বাংলাদেশের। তবে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেওয়ায় এখন হিসাব-নিকাশ নির্দিষ্ট হয়ে গেছে।
সমীকরণ অনুযায়ী, আফগানিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশকে অন্তত ৪১ রানের ব্যবধানে জিততে হবে। তাহলেই ফাইনালে খেলার সুযোগ পাবে টাইগাররা। এখন সেই লক্ষ্য পূরণ করে ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারে কি না, সেটিই দেখার বিষয়।