প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৫:০৭ পিএম (ভিজিট : ৯৩)

সংগৃহীত ছবি
ওমানের আল আমিরাতে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ যুব দল। আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল ৯ উইকেট হারিয়ে ৩০৪ রান সংগ্রহ করেছে। ফলে ম্যাচ জিততে বাংলাদেশের যুবাদের করতে হবে ৩০৫ রান।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। দলের প্রথম সাত ব্যাটারের সবাই কমবেশি রান পেয়েছেন। এর মধ্যে দুজন তুলে নিয়েছেন অর্ধশতক।
আফগানিস্তানের হয়ে নোমান সালারজাই সর্বোচ্চ ৭৬ রান করেন। ফরিদুল্লাহ ইহসাসের ব্যাট থেকে আসে ৫১ রান। এ ছাড়া আবিদুল্লাহ নাদারজান ২৩, সোবহান জাখাইল ২৭ এবং হামজা খান করেন ২৯ রান।
ইনিংসের শেষদিকে ঝোড়ো ব্যাটিং করেন তাহির সারওয়ারি। মাত্র ৩১ বলে ৪৩ রান করেন তিনি। অন্যদিকে আমির হামজা ১১ বলে যোগ করেন ২১ রান।
বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন রুবাই ইসলাম রিজন। তিনি ৪টি উইকেট শিকার করেন। জেকে শরিফ সিয়াম নেন ২টি উইকেট।
এখন সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিতে হলে ৩০৫ রানের লক্ষ্য তাড়া করতে হবে বাংলাদেশের যুবাদের।