
সংগৃহীত ছবি
বাংলাদেশে কৃষি, অর্থনৈতিক সংস্কার, অর্থায়ন ও বাণিজ্য সম্প্রসারণে ৪ কোটি ৫০ লাখ কানাডিয়ান ডলার নতুন অনুদানের ঘোষণা দিয়েছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সারাই। বাংলাদেশ সফরকালে তিনি এ ঘোষণা দেন। রোববার এক বার্তায় এ তথ্য জানিয়েছে ঢাকায় অবস্থিত কানাডীয় দূতাবাস।
দূতাবাসের বার্তা অনুযায়ী, গত ১১ থেকে ১৪ অক্টোবর বাংলাদেশ সফর করেন রণদীপ সারাই। কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং উভয় দেশের মানুষের জন্য উন্নয়ন ও সমৃদ্ধির নতুন সুযোগ তৈরিই ছিল এ সফরের মূল উদ্দেশ্য। সফরকালে চারটি নতুন উদ্যোগে মোট ৪৫ মিলিয়ন কানাডিয়ান ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৯০ কোটি টাকা অনুদানের ঘোষণা দেন তিনি।
ঘোষিত অর্থের মধ্যে কৃষি খাতের উন্নয়নে বায়ো এন্টারপ্রাইজ কানাডাকে ১ কোটি ৮০ লাখ কানাডিয়ান ডলার দেওয়া হবে। উদ্ভাবকদের সঙ্গে বাংলাদেশের কৃষি ও খাদ্য খাতের সংযোগ বাড়িয়ে খাদ্যনিরাপত্তা জোরদার করতে এ অর্থ সহায়তা করবে।
এ ছাড়া নিয়ন্ত্রণব্যবস্থা সহজ করা, ব্যবসার পরিবেশ উন্নত করা এবং বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর কানাডাসহ আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ বাড়াতে কোওয়াটার ইন্টারন্যাশনালকে ১ কোটি ৮০ লাখ কানাডিয়ান ডলার দেবে কানাডা।
অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক কাঠামোর সংস্কারে অগ্রাধিকারমূলক উদ্যোগগুলো এগিয়ে নিতে বিশ্বব্যাংককে দেওয়া হবে ৫০ লাখ কানাডিয়ান ডলার। অন্যদিকে, ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর অর্থায়নের সুযোগ বৃদ্ধি এবং বেসরকারি খাতের বিকাশে সহায়তার জন্য ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনকে (আইএফসি) দেওয়া হবে ৪০ লাখ কানাডিয়ান ডলার।
কানাডীয় দূতাবাসের ভাষ্য, এ বিনিয়োগের মাধ্যমে উন্নয়ন সহযোগিতার পাশাপাশি অর্থনৈতিক সুযোগ সৃষ্টি এবং দুই দেশের পারস্পরিক অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে গুরুত্ব দিচ্ছে কানাডা। দুই দেশের অভিজ্ঞতা, দক্ষতা ও সম্পদ কাজে লাগিয়ে যৌথভাবে নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্য রয়েছে এ উদ্যোগের। এর ফলে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নের পাশাপাশি উভয় দেশের ব্যবসাপ্রতিষ্ঠান, বিনিয়োগকারী ও সাধারণ মানুষের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে।
দূতাবাস জানায়, নতুন এ সহায়তা কানাডা ও বাংলাদেশের ৫০ বছরের বেশি সময়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার ধারাবাহিকতার প্রতিফলন। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে কানাডা দেশটিকে ৬ দশমিক ৩ বিলিয়ন কানাডিয়ান ডলারের বেশি উন্নয়ন সহায়তা দিয়েছে। ২০২৫ সালে দুই দেশের বাণিজ্যের পরিমাণ ৪ বিলিয়ন কানাডিয়ান ডলার ছাড়িয়েছে।
এ ছাড়া কানাডা, ব্র্যাক ও অস্ট্রেলিয়ার বৃহত্তর একটি উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশে ৪ কোটি ৪০ লাখ কানাডিয়ান ডলার সহায়তা দিয়েছে কানাডা। গত পাঁচ বছর ধরে এ উদ্যোগ দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে ভূমিকা রাখছে।
স্বাস্থ্য খাতেও বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রেখেছে কানাডা। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশকে (আইসিডিডিআরবি) প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনার জন্য ১ কোটি ৫০ লাখ কানাডিয়ান ডলার অনুদান দিয়েছে দেশটি। বাংলাদেশ ছাড়া কানাডাই একমাত্র দেশ, যারা আইসিডিডিআরবিকে এ ধরনের প্রাতিষ্ঠানিক সহায়তা দিয়ে আসছে। পাশাপাশি যৌন ও প্রজননস্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন সমস্যা ও ঘাটতি নিয়ে প্রয়োজনীয় গবেষণার জন্য প্রতিষ্ঠানটিকে আরও ২ কোটি ৪০ লাখ কানাডিয়ান ডলার সহায়তা দিয়েছে কানাডা।