প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ১১:২৬ এএম (ভিজিট : ১৪৯)

সংগৃহীত ছবি
হঠাৎ করেই বাংলাদেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ভুটান সফরে যাওয়ার পথে রোববার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবেন তিনি।
মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পুর উদ্দেশে যাত্রা করবেন ইনফান্তিনো। সরাসরি ফ্লাইট না থাকায় ট্রানজিটের জন্য ঢাকাকে বেছে নেওয়া হয়েছে। ফিফা সভাপতির এই সংক্ষিপ্ত সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাফুফে সূত্রে জানা গেছে, ঢাকার বিমানবন্দরে ইনফান্তিনোর ইমিগ্রেশনসহ অন্যান্য ট্রানজিট আনুষ্ঠানিকতা দ্রুত ও নির্বিঘ্নে সম্পন্ন করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আগেই যোগাযোগ করা হয়েছে।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থানকালে ফিফা সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও ফেডারেশনের চার সহসভাপতি। স্বল্প সময়ের এই যাত্রাবিরতিতে তাঁদের মধ্যে সাক্ষাৎ হলেও কোনো আনুষ্ঠানিক বৈঠকের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
এর আগে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপের সময়ও ইনফান্তিনোর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। এবার ঢাকায় ফিফা সভাপতির এই সংক্ষিপ্ত অবস্থান বাংলাদেশের ফুটবল প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তাঁর যোগাযোগের আরেকটি সুযোগ তৈরি করছে।