
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ২০ অক্টোবর একদিনে দেশের তিনটি বিভাগ সফর করবেন। এদিন রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাবেন তিনি। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় প্রস্তুতি শুরু হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, ২০ অক্টোবর সামরিক বিমানে তেজগাঁও বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরে যাবেন তারেক রহমান। সেখান থেকে তিনি রংপুরের ধর্মসভা (রাধা গোবিন্দ মন্দির) পরিদর্শন করবেন।
এরপর সৈয়দপুর বিমানবন্দর থেকে রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। দুপুর দেড়টায় রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শন শেষে কিছুক্ষণ রাজশাহী সার্কিট হাউসে অবস্থান করবেন তিনি।
সফরসূচিতে রাজশাহীতে একটি জনসভায় বক্তব্য দেওয়ার কথাও রয়েছে প্রধানমন্ত্রীর। বেলা ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে এ জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা।
জনসভা শেষে রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন তারেক রহমান। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থান শেষে রাতে বিমানে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।
এদিকে প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ও শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় আরএমপি কার্যালয়ে অনুষ্ঠিত এক ঘণ্টার এ সভায় প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
সভায় প্রধানমন্ত্রীর সফর সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
এ সময় সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদার, জননিরাপত্তা নিশ্চিত করা এবং পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।