
সংগৃহীত ছবি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ধানের শীষে ভোট দিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষ প্রমাণ করেছেন, তাঁরা কোনো ব্যক্তি, সংগঠন বা রাজনৈতিক দলের দাস নন। নিজেদের পছন্দ অনুযায়ী ভোট দেওয়ার অধিকার তাঁদের রয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা এলাকার ৬৫টি পূজামণ্ডপে নিজের তহবিল থেকে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, একসময় ধারণা করা হতো, হিন্দু সম্প্রদায়ের মানুষ একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বা সংগঠনের সমর্থক। তবে বিগত নির্বাচনে তাঁর নির্বাচনী এলাকার হিন্দু অধ্যুষিত ভোটকেন্দ্রগুলোতে ধানের শীষ প্রতীকে বিপুল ভোট দিয়ে তাঁরা প্রমাণ করেছেন, কোনো ব্যক্তি, সংগঠন কিংবা রাজনৈতিক দলের প্রতি তাঁদের অন্ধ আনুগত্য নেই।
প্রতিমন্ত্রী আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত ‘বাংলাদেশি’ জাতীয়তাবাদের ধারার সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টিও প্রমাণ করেছেন। তাঁদের আত্মীয় মনে করেই দুর্গাপূজার আনন্দ-উৎসব আরও সুন্দর করতে নির্বাহী ক্ষমতাবলে ছুটি বাড়ানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বিরোধী দলের ভূমিকা নিয়ে মীর শাহে আলম বলেন, ১১-দলীয় জোট নির্বাচনে বেহেশতের প্রলোভন দেখিয়ে একটি গোষ্ঠীর ভোট নিয়েছে। বিরোধী দল হিসেবে তারা যথাযথ দায়িত্ব পালন করছে না বলেও অভিযোগ করেন তিনি।
বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকারের ভুলত্রুটি তুলে ধরতে হবে, সংসদে গঠনমূলক আলোচনা করতে হবে এবং দেশের উন্নয়নে সরকারকে সহযোগিতা করতে হবে।
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বিনা ভোটে বা রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না উল্লেখ করে তিনি বলেন, সরকার জনগণের ভোটের মাধ্যমে আবারও ক্ষমতায় যেতে চায়। এ লক্ষ্যেই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের বেতন, স্বাস্থ্যসেবা, বৃক্ষরোপণ, খাল খনন ও খেলাধুলাসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
আগামী তিন থেকে চার বছরের মধ্যে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ, রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বিদেশে দক্ষ শ্রমিক পাঠানোর ক্ষেত্রে অগ্রগতি অর্জনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পাঁচ বছর পর আবারও জনগণের কাছে ভোট চাইবেন জানিয়ে মীর শাহে আলম বলেন, জনগণ ভোট দিলে তাঁরা সরকার গঠন করবেন, আর ভোট না দিলে বিরোধী দলে চলে যাবেন।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হোসেন তৌফিক, সদস্যসচিব রোকন উদ্দিন, শিবগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রামনারায়ণ কানু এবং মোকামতলার নয়ন চন্দ্র।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী শিবগঞ্জ উপজেলার উথলী হাইস্কুল মাঠে সনাতন ধর্মাবলম্বী নারীদের মধ্যে শাড়ি বিতরণ করেন।