প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৩:৪৪ পিএম (ভিজিট : ৩৫)

সংগৃহীত ছবি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্তে মাদক কারবারিকে ধাওয়া করতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হয়েছেন বাংলাদেশ পুলিশের দুই সদস্য। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে শশীদল ইউনিয়নের আশাবাড়ি সীমান্তের ২০৫৯ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আটক দুই পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনতে বিজিবি ও বিএসএফের মাধ্যমে প্রক্রিয়া চলছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সিএনজিচালিত অটোরিকশায় করে মাদক উদ্ধারের অভিযানে যাচ্ছিলেন ব্রাহ্মণপাড়া থানার একদল পুলিশ সদস্য। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি পালানোর চেষ্টা করেন। তাকে ধরতে ধাওয়া করেন কনস্টেবল রোহিত দেওয়ান।
ধাওয়ার একপর্যায়ে সীমান্ত এলাকায় ভারতীয় নাগরিকরা রোহিত দেওয়ানকে আটক করেন। পরে তাকে ছাড়িয়ে আনতে গেলে পুলিশের ওই দলের ইনচার্জ এএসআই ইমরান হোসেনকেও আটক করা হয়।
ঘটনার পর সেখানে বিএসএফকে ডাকা হয়। আটক দুই পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট পর্যায়ে যোগাযোগ ও প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে ঘটনার বিস্তারিত জানা যাবে।