প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৪:৫৪ পিএম (ভিজিট : ১২০)

গাজীপুরের কালিয়াকৈরে শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। পূজা মণ্ডপে মণ্ডপে এখন শেষ পর্যায়ের রং তুলির কাজ চলছে। শিল্পীরা নাওয়া-খাওয়া ভুলে প্রতিমায় রঙের আঁচড় দিচ্ছেন, দিচ্ছেন শেষ সাজ।
সরেজমিনে দেখা যায়, কোথাও দেবী দুর্গার শাড়িতে খড়ি মাটির প্রলেপ, কোথাও গণেশ, সরস্বতী, কার্তিকের মুখে রঙের ছোঁয়া। প্রতিমার সাথে পেছনের মঞ্চের আকাশ, মেঘের দৃশ্যও ফুটিয়ে তুলছেন শিল্পীরা। সনাতন ধর্মাবলম্বীরাও পূজাকে বরণ করতে ঘর-বাড়ি ও মণ্ডপ সাজাতে ব্যস্ত।
কালিয়াকৈর উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভা এবং কোনাবাড়ী, কাশিমপুর ও বাসন মেট্রো থানায় ১৮৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছরের তুলনায় এবার মণ্ডপের সংখ্যা বেড়েছে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের এক নেতা জানান, আমাদের প্রস্তুতি প্রায় ৯০ ভাগ শেষ। প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে। এখন আলোকসজ্জা ও সাজসজ্জার কাজ চলছে। আশা করছি সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে পারবো। এদিকে শান্তিপূর্ণ পূজা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, প্রতিটি মণ্ডপে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে। গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন এবং কন্ট্রোল রুম খোলা হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মণ্ডপ কমিটির সাথে সমন্বয় সভাও করা হয়েছে। পূজা মন্ডপে কেউ ইভটিজিং অথবা মাদক সেবনের চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ,এম ফখরুল হোসাইন জানান, সরকারিভাবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রতিটা পূজা মন্ডপের জন্য জি,আর চাল, আর্থিক সহায়তা ও শাড়ি কাপড় বিতরণ করা হয়েছে। সনাতনী ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে পালনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার জোরদার করা হয়েছে।