প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৭:০০ পিএম (ভিজিট : ৩৭)

সংগৃহীত ছবি
বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের নতুন ২৯ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে সরকার। কমিটির সভাপতি হয়েছেন ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী হাবিব উল্ল্যাহ ডন। এর আগে তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে নতুন কমিটি নিয়োগের আদেশ দেওয়া হয়। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ অনুযায়ী, দায়িত্ব গ্রহণের পর আগামী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক বডিবিল্ডিং খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক রাসেদুর রহমান (নয়ন)। ছয়জন সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আদিল হোসেন নোবেল, মো. আব্দুল্লাহ, ইঞ্জি. জাহিদুল আলম, মো. মাহবুব আলম সুমন, রুশলান হোসেন ও মো. আসিফ মালেক।
যুগ্ম সম্পাদক হয়েছেন মো. খালেদ আব্দুল্লাহ (বাবু) ও মো. নূরুল ইসলাম খান নাঈম। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন রনি দাস। কমিটির ১৮ জন সদস্যের মধ্যে রয়েছেন বিভিন্ন ক্রীড়া সংগঠক, শিল্পোদ্যোক্তা ও সাবেক খেলোয়াড়।
নতুন দায়িত্ব প্রসঙ্গে সভাপতি হাবিব উল্ল্যাহ ডন জানান, দেশের বডিবিল্ডিং অঙ্গনের মানোন্নয়ন এবং শরীরচর্চাকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়াই হবে তাঁদের প্রধান লক্ষ্য।
তিনি বলেন, ‘বডিবিল্ডিং আমার কাছে নতুন নয়, এই কমিউনিটির সঙ্গে আমি সুপরিচিত। যে কদিন দায়িত্বে থাকব, ফেডারেশনের মানোন্নয়ন আর সার্বিক কল্যাণে যা প্রয়োজন, সেই পদক্ষেপগুলোই নেওয়া হবে।’
অ্যাথলেটদের পেশাদারিত্ব বাড়াতে দেশে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের বডিবিল্ডারদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
এ প্রসঙ্গে হাবিব উল্ল্যাহ ডন বলেন, ‘যেহেতু আমরা ক্রীড়া ফেডারেশন, তাই বিদেশে আমাদের নানা টুর্নামেন্টে অংশ নিতে হবে এবং দেশেও নিয়মিত প্রতিযোগিতার আয়োজন করতে হবে। কম্পিটিশন ছাড়া উন্নয়ন সম্ভব নয়। আমরা এই কার্যক্রমটি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে এগিয়ে নেব।’