প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৭:০৫ পিএম (ভিজিট : ২৯)

সংগৃহীত ছবি
দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে অনুসন্ধান শুরুর পর প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দায়ের করা রিট আবারও হাইকোর্টের কার্যতালিকায় উঠেছে।
বিচারপতি মো. বশির উল্লাহ ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের বুধবারের কার্যতালিকায় রিটটি ৬৩ নম্বর ক্রমিকে রয়েছে।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছিলেন। আদালতের অবকাশ শেষে নতুন করে শুনানির জন্য আবেদনটি উপস্থাপন করা হয়।
দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা এবং একজন সহকারী পরিচালক গত ২ ও ১৩ সেপ্টেম্বর পৃথক দুটি সংবাদ সম্মেলন করেন। সেখানে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে অনুসন্ধান শুরুর পর প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানানো হয়েছিল।
রিটে বলা হয়েছে, এসব সংবাদ সম্মেলন সংবিধানের ৩১ অনুচ্ছেদে নিশ্চিত করা মর্যাদা ও সুনামের সুরক্ষা এবং দুদকের তথ্য অবমুক্তকরণ নীতিমালার পরিপন্থী। এ কারণে গত ২ ও ১৩ সেপ্টেম্বরের সংবাদ সম্মেলনের বৈধতা ও কর্তৃত্ব চ্যালেঞ্জ করে রিট করেন আসিফ মাহমুদ।
গত ২ সেপ্টেম্বরের সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদের বিরুদ্ধে ৭৬ লাখ টাকা নেওয়াসহ বিভিন্ন অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানায় দুদক। পরে সংস্থাটির সংশ্লিষ্ট এক কর্মকর্তা সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই বক্তব্যকে ‘স্লিপ অব টাং’ বলে উল্লেখ করেন।
অন্যদিকে, ১৩ সেপ্টেম্বরের সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক ও ৩৬ জন জেলা প্রশাসক নিয়োগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী নিয়োগ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের দরপত্র থেকে শত কোটি টাকার কমিশন বাণিজ্যের অভিযোগ তুলে ধরে দুদক। এ ছাড়া বিদেশে প্রায় ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগও জানানো হয়।