প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৭:১৭ পিএম (ভিজিট : ৩৩)

সংগৃহীত ছবি
তৈরি পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি ও চলমান অসন্তোষের পরিপ্রেক্ষিতে নতুন নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমান।
বোর্ডের শিল্প শাখা জানিয়েছে, বিদ্যমান শ্রম আইন অনুযায়ী তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের জন্য যৌক্তিক নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ তৈরির লক্ষ্যে এ বৈঠকের আয়োজন করা হয়েছে। শ্রম আইনের ১৩৯ ধারা অনুযায়ী, মালিক বা শ্রমিকপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার কোনো শিল্পের জন্য মজুরি নির্ধারণের উদ্যোগ নিতে পারে। সম্প্রতি সংশোধিত শ্রম আইনে মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে।
এর আগে বেতন সমন্বয়ের দাবিতে পোশাকশ্রমিকদের অসন্তোষ তীব্র আকার ধারণ করলে গত ১ নভেম্বর সরকার মজুরি বোর্ড পুনর্গঠন করে এবং তৈরি পোশাকশিল্পের জন্য পৃথক বোর্ড গঠন করে। নতুন বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এবিএম সামছুদ্দিন। শ্রমিকপক্ষের প্রতিনিধি হয়েছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।
এদিকে, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা। বুধবারও রাজধানী ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধকে কেন্দ্র করে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।