প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১১:১০ এএম (ভিজিট : ৭৫)

সংগৃহীত ছবি
সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট হাতে প্রতিরোধ গড়ে ক্যারিয়ারের তৃতীয় অর্ধশতক তুলে নিয়েছেন জাস্টিন গ্রিভস। অন্যদিকে, পরপর দুই বলে দুই উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে চাপে ফেলেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। তবে গ্রিভস ও জশুয়া বিশপের ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে সফরকারীরা।
দ্বিতীয় দিন ৭০ ওভারে ৪ উইকেটে ২৩৫ রান নিয়ে খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। দিনের শুরুতে আমির জাঙ্গু ও গ্রিভসের দৃঢ়তায় রান বাড়াতে থাকে দলটি। জাঙ্গু ১৩৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। পরে তার স্টাম্প ভেঙে গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নেন হাসান মাহমুদ।
এরপর রস্টন চেজকে ফিরিয়ে পরপর দুই বলে দুই উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান হাসান। তবে পরের বলে জশুয়া বিশপকে এলবিডব্লিউর ফাঁদে ফেললেও রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। পরে ৯ রানে থাকা বিশপের একটি ক্যাচও হাতছাড়া করেন হাসান।
এদিকে, ১০২ বল মোকাবিলা করে ক্যারিয়ারের তৃতীয় অর্ধশতক পূর্ণ করেন গ্রিভস। ৮৮ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ২৯৭ রান। গ্রিভস ৫১ এবং বিশপ ২৩ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের হয়ে ৪টি উইকেট শিকার করেন হাসান মাহমুদ।
দিনের খেলায় চোটের কারণে মাঠ ছাড়তে হয় বাংলাদেশের ব্যাটার সাদমান ইসলামকে। ৭৮তম ওভারে বাউন্ডারি বাঁচাতে গিয়ে বাঁ পায়ের গোড়ালিতে চোট পান তিনি। পরে হাঁটতে না পারায় স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নেওয়া হয়।