শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬ ● ২১ কার্তিক ১৪৩৩

শিরোনাম: পাঁচটি ভিন্ন দেশে ৫ উইকেট, টেস্ট ইতিহাসে অনন্য রেকর্ড হাসান মাহমুদের   এআই দিয়ে ভুয়া ভিডিও ও কণ্ঠ নকল করা ইসলামে নিষিদ্ধ: মসজিদুল হারামের ইমাম   কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন, বাদ জাতীয় চার নেতার নাম   ইরানের নতুন প্রস্তাবের মধ্যে কাতারের আমিরকে ট্রাম্পের ফোন   রাজধানীর বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন   বিমানবন্দরে নেমেই আর্তনাদ, জানালেন নিঃস্ব হওয়ার গল্প   ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ : প্রধানমন্ত্রী তারেক রহমান   
পাঁচটি ভিন্ন দেশে ৫ উইকেট, টেস্ট ইতিহাসে অনন্য রেকর্ড হাসান মাহমুদের
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৯:০৫ পিএম   (ভিজিট : ৫০)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টেস্ট অভিষেকের আড়াই বছরের মধ্যেই পঞ্চমবারের মতো ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। অবাক করার মতো বিষয় হলো, ক্যারিয়ারের প্রথম পাঁচটি ফাইফার তিনি পেয়েছেন পাঁচটি ভিন্ন দেশের মাটিতে। টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে এমন কীর্তি গড়া প্রথম পেসার তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টেও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন হাসান। প্রথম ইনিংসে ২৪ ওভার বল করে একটি মেডেনসহ ৯০ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। চলতি বছরে এটি তার তৃতীয় পাঁচ উইকেট শিকারের কীর্তি। একই সঙ্গে দেশের মাটিতে টেস্টে প্রথমবারের মতো ফাইফারের দেখা পেলেন ২৭ বছর বয়সী এই পেসার।

ম্যাচের প্রথম দিন সকালে দুটি উইকেট নেওয়া হাসান দ্বিতীয় দিনেও নিজের আগুনঝরা বোলিং অব্যাহত রাখেন। শুক্রবার নতুন বল হাতে আরও চারটি উইকেট তুলে নিয়ে গড়েন অনন্য রেকর্ড। টেস্ট ইতিহাসে প্রথম পেসার হিসেবে ক্যারিয়ারের প্রথম পাঁচটি পাঁচ উইকেট শিকারের কীর্তি পাঁচটি ভিন্ন দেশে গড়েছেন তিনি। সব বোলারের মধ্যে তার আগে এই রেকর্ড রয়েছে কেবল অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার ন্যাথান লায়নের।

হাসানের প্রথম ফাইফার এসেছিল ২০২৪ সালের আগস্টে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। একই বছরের সেপ্টেম্বরে ভারতের চেন্নাইয়ে দ্বিতীয়বার পাঁচ উইকেট নেন তিনি। তৃতীয় ফাইফারটি আসে গত আগস্টে অস্ট্রেলিয়ার ডারউইনে, ঐতিহাসিক জয়ের ম্যাচে। এরপর গত মাসে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিকসহ পাঁচ উইকেট শিকার করেন এই ডানহাতি পেসার।

আরেকটি কীর্তিতে বাংলাদেশের পেসারদের ছাড়িয়ে গেছেন হাসান। মাত্র ১৯ টেস্ট খেলেই দেশের হয়ে সবচেয়ে বেশিবার ইনিংসে পাঁচ উইকেট নেওয়া ফাস্ট বোলার এখন তিনি। পেছনে পড়েছেন ৩৮ টেস্টে চারবার ফাইফার পাওয়া সাবেক পেসার শাহাদাত হোসেন। এ ছাড়া নাহিদ রানা ও রবিউল ইসলাম দুবার করে ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন।

শুক্রবার দ্বিতীয় দিনের প্রথম সেশনে নতুন বল হাতে নিয়ে নিজের প্রথম ওভারেই আঘাত হানেন হাসান। দুর্দান্ত এক ডেলিভারিতে ওয়েস্ট ইন্ডিজের সেঞ্চুরিয়ান আমির জাঙ্গুকে বোল্ড করে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ সাফল্য এনে দেন তিনি।

পরের বলেই ক্যারিবীয় অধিনায়ক রোস্টন চেসকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেন হাসান। তবে হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া হয়। নতুন ব্যাটার জশুয়া বিশপের বিপক্ষে এলবিডব্লিউয়ের আবেদন প্রথমে আম্পায়ার মেনে নিলেও রিভিউয়ে সিদ্ধান্ত বদলে যায়। রিপ্লেতে দেখা যায়, বল ব্যাটের কানায় লেগেছিল।

তবে বেশিক্ষণ টিকতে পারেননি বিশপ। হাসানের বলে স্টাম্পের পেছনে দ্রুত স্টাম্পিং করেন উইকেটরক্ষক লিটন দাস। এর মধ্য দিয়ে নিজের পঞ্চম উইকেট পূর্ণ করেন হাসান। দ্বিতীয় সেশনের প্রথম ওভারেই শামার জোসেফকে বোল্ড করে ইনিংসে ষষ্ঠ উইকেট তুলে নেন তিনি।

এর মধ্য দিয়ে টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো এক ইনিংসে ছয় উইকেট নেওয়ার কৃতিত্বও অর্জন করেন বাংলাদেশের এই ছন্দে থাকা পেসার।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]