প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৮:২৩ পিএম (ভিজিট : ৫৭)

সংগৃহীত ছবি
রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে কোকাকোলা গেটের বিপরীত পাশে বাসটি ঘোরানোর সময় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার সময় বাসটিতে কোনো যাত্রী ছিলেন না।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান সংবাদমাধ্যমকে জানান, বাসটি ঘোরানোর সময় কয়েকজন ব্যক্তি এসে আগুন লাগিয়ে পালিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান, কারা এ ঘটনায় জড়িত, তা এখনও শনাক্ত করা যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আগুন লাগার ঘটনায় সড়কের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।