প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৫:৪৯ পিএম (ভিজিট : ৪৯)

সংগৃহীত ছবি
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামীকাল শনিবার রাজধানী ঢাকায় কেন্দ্রীয় শোভাযাত্রা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিকেল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হবে। এতে নেতৃত্ব দেবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শোভাযাত্রার উদ্বোধন করবেন। তাঁর উদ্বোধনী বক্তব্যের পর আনুষ্ঠানিকভাবে শোভাযাত্রা শুরু হবে।
শোভাযাত্রাটি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান বিচারপতির বাসভবনের কাছে গিয়ে ডান দিকে মোড় নেবে। এরপর হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হবে।
এর আগে সকাল সাড়ে ৮টায় দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন করবেন তারেক রহমান।
রিজভী জানান, গত ৫ নভেম্বর থেকে বিএনপির সাত দিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে চট্টগ্রাম মহানগরে কর্মসূচি পালন করা হয়েছে। আগামীকাল দেশের অধিকাংশ জেলা ও মহানগরেও শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, পোস্টার লাগানোসহ নানা কর্মসূচি পালন করা হবে। ৭ নভেম্বরের চেতনায় বিশ্বাসী অন্যান্য রাজনৈতিক দল, জোট, সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার সংগঠনও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের উদ্যোগ নিয়েছে।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ৭ নভেম্বরের চেতনার প্রতি ভীত হয়ে শেখ হাসিনার সরকার দিবসটির রাষ্ট্রীয় উদযাপন বন্ধ করে দিয়েছিল। বিএনপি ও সমমনা দলগুলো এতদিন নিজ উদ্যোগে দিবসটি পালন করে আসছে। দীর্ঘ বিরতির পর এবার দিবসটি আবারও রাষ্ট্রীয় ও জাতীয়ভাবে পালিত হবে।