প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৫:৩৩ পিএম (ভিজিট : ৩৫)

সংগৃহীত ছবি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একের পর এক উইকেট হারিয়ে যখন চরম ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, তখন একপ্রান্ত আগলে রেখে অবিচল লড়াই চালিয়ে গেছেন তাওহীদ হৃদয়। সতীর্থদের আসা-যাওয়ার মধ্যেও অসাধারণ ধৈর্য ও দায়িত্বশীল ব্যাটিংয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়েছেন এই ডানহাতি ব্যাটার। দ্বিশতকের মাইলফলক ছুঁয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেজদায় অবনত হন তিনি।
শনিবার (৭ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে ক্যারিয়ারের প্রথম শতকের দেখা পান হৃদয়। ১৭১ বলে ১১টি চার ও একটি ছক্কায় তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি। লাঞ্চ বিরতিতে ১০০ রানে অপরাজিত ছিলেন এই ব্যাটার। পরে ৩০৪ বলে পূর্ণ করেন ক্যারিয়ারের প্রথম দ্বিশতক।
দিনের খেলা শুরু হয়েছিল বাংলাদেশের ৮৮ রানে ৩ উইকেট নিয়ে। আগের দিনের অপরাজিত ব্যাটার হৃদয় ও মুশফিকুর রহিমের ওপর ভরসা ছিল দলের। দুজন মিলে চতুর্থ উইকেটে গড়েন ৭৮ রানের গুরুত্বপূর্ণ জুটি। তবে ৩৪ রান করে মুশফিকের বিদায়ে আবারও চাপে পড়ে বাংলাদেশ।
এরপর একে একে সাজঘরে ফেরেন লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ। লিটন করেন ৮ রান, মিরাজের সংগ্রহ ১৬ এবং হাসান মাহমুদ করেন মাত্র ১ রান। এতে ১৮৪ রানে ৭ উইকেট হারিয়ে বড় বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা।
তবে অন্য প্রান্তে অবিচল ছিলেন হৃদয়। তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন তিনি। একদিকে উইকেট ধরে রাখা, অন্যদিকে সুযোগ বুঝে রান তোলার মাধ্যমে বাংলাদেশকে বিপর্যয় থেকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যান এই ব্যাটার।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ সংগ্রহ করে ৩৫৬ রান। ক্যারিয়ারের মাত্র তৃতীয় টেস্টেই দ্বিশতক তুলে নিয়ে নিজের সামর্থ্যের অসাধারণ প্রমাণ দিলেন তাওহীদ হৃদয়।