
সংগৃহীত ছবি
২০২৭ সালের পবিত্র হজ ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশি হজযাত্রীদের জন্য আরও ৫ হাজার কোটা বাড়িয়েছে সৌদি সরকার। ফলে আগামী বছর বাংলাদেশ থেকে মোট ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন।
সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদি আরবের জেদ্দায় এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। সৌদি আরবের পক্ষে স্বাক্ষর করেন দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের হজ ব্যবস্থাপনার সার্বিক অগ্রগতি নিয়ে দুই দেশের মন্ত্রীর মধ্যে বিস্তারিত আলোচনা হয়।
চুক্তি সম্পন্ন হওয়ার পর ধর্মমন্ত্রী জানান, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় হজ চুক্তি সফলভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তাৎক্ষণিকভাবে আরও ৫ হাজার হজযাত্রীর কোটা বাড়ানোর ঘোষণা দেন। এর আগে বাংলাদেশের জন্য ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারিত ছিল। নতুন করে কোটা বাড়ানোয় ২০২৭ সালে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশি হজ পালনের সুযোগ পাবেন।
ধর্মমন্ত্রী আরও জানান, হজের কোটা নির্ধারণের ক্ষেত্রে সৌদি আরবের মিনায় তাঁবুর ধারণক্ষমতার সীমাবদ্ধতার বিষয়টি আলোচনায় আসে। তবে এ সীমাবদ্ধতার মধ্যেও সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী বাংলাদেশকে আশ্বস্ত করেছেন, অন্য কোনো দেশ নির্ধারিত কোটা অনুযায়ী হজযাত্রী পাঠাতে ব্যর্থ হলে কিংবা কোনো দেশের কোটা বাতিল হলে সেই কোটা অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে দেওয়া হবে।
এ সময় সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ধর্মমন্ত্রী। পাশাপাশি কোটা বৃদ্ধিসহ সার্বিক সহযোগিতার জন্য সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি।
ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও সেবামুখী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি হজ ও ওমরাহবিষয়ক সহকারী মন্ত্রী ড. আল হাসান আল মোনাখা, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন, জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন এবং কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।