প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৭:১৯ পিএম (ভিজিট : ৪৫)

সংগৃহীত ছবি
শ্রমিকদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। ঢাকার আশুলিয়া ও সাভার, গাজীপুরের টঙ্গী ও কালিয়াকৈর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে এসব হাসপাতাল নির্মাণ করা হবে। হাসপাতালগুলোতে শুধু শ্রমিকরাই চিকিৎসাসেবা পাবেন।
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে সংসদে এ পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
অধিবেশনে মাগরিবের নামাজের বিরতির পর নবনির্বাচিত দুই সংসদ সদস্য বক্তব্য দেন। এ সময় বিএনপির সংসদ সদস্য শামসুর রহমান বিশ্বাস শিমুল প্রান্তিক শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতাল নির্মাণের বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
জবাবে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, মঙ্গলবার সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিদেশ সফরের কারণে তিনি সেদিন উপস্থিত থাকতে পারবেন না। পরে ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীর কাছে তাৎক্ষণিকভাবে প্রশ্নটির উত্তর দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বক্তব্য দিতে সম্মত হন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, অতীতের সরকারের সময়ে দেশের জ্বালানি, শিল্প ও চিকিৎসা খাতকে পরিকল্পিতভাবে আমদানিনির্ভর করে তোলা হয়েছিল। এতে দেশীয় শিল্পের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়েছে। একইভাবে দেশের চিকিৎসাব্যবস্থাকেও ধীরে ধীরে দুর্বল করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, অতীতে গ্রামীণ স্বাস্থ্যসেবার যে ব্যবস্থা ছিল, সেটিও ধ্বংস করা হয়েছে। দেশের মানুষকে চিকিৎসার জন্য একটি নির্দিষ্ট দেশে যেতে বাধ্য করা হয়েছিল। সম্প্রতি বিরোধীদলীয় নেতাও দেশের চিকিৎসাব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
শ্রমিকদের জন্য হাসপাতাল নির্মাণের পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত। তাই সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করছে সরকার। শ্রমজীবী মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রাথমিকভাবে ১০০ শয্যার ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোতে এসব হাসপাতাল গড়ে তোলা হবে। হাসপাতালগুলো বিশেষভাবে শ্রমিকদের চিকিৎসাসেবার জন্য নির্ধারিত থাকবে এবং সে অনুযায়ী এগুলোর নামকরণ ও অবকাঠামো তৈরি করা হবে।