
সংগৃহীত ছবি
জলবায়ু অর্থায়নে বৈশ্বিক সংহতি জোরদার, দ্বিপক্ষীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত এবং প্রতিরক্ষা সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের লক্ষ্য নিয়ে আগামীকাল তিন দিনের সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও পরিবর্তিত ভূরাজনৈতিক পরিস্থিতিতে এ সফরকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
তুরস্কের আনতালিয়া এক্সপো সেন্টারে ৯ থেকে ২০ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১)। সম্মেলনের অংশ হিসেবে ১১ ও ১২ নভেম্বর উচ্চপর্যায়ের রাষ্ট্র ও সরকারপ্রধানদের অধিবেশনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলন শেষে ১২ নভেম্বর ঢাকার উদ্দেশে তুরস্ক ত্যাগ করার কথা রয়েছে তাঁর।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরকালে আঙ্কারার প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী। বৈঠকে রোহিঙ্গা সংকট, বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি, শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় ও জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসবে। এ ছাড়া সফরকালে একাধিক দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রস্তুতি নেওয়া হয়েছে।
সফরের অন্যতম প্রধান লক্ষ্য জলবায়ু অর্থায়ন ও কৌশলগত অংশীদারত্ব জোরদার করা। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা নিশ্চিত করার পাশাপাশি জলবায়ু তহবিল গঠনে তুরস্কের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় বাংলাদেশ।
বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে আন্তর্জাতিক ক্ষতিপূরণ ও পুনর্বাসন তহবিল শক্তিশালী করার বিষয়ে ঢাকা ও আঙ্কারা যৌথ কূটনৈতিক উদ্যোগ নিতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বৈশ্বিক জলবায়ু সম্মেলনে উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর স্বার্থ রক্ষায় বাংলাদেশ ও তুরস্ক যৌথ অবস্থান নেবে। পাশাপাশি পরিবেশবান্ধব প্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানির প্রযুক্তি স্থানান্তরে আঙ্কারার কাছ থেকে কারিগরি সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে তুরস্ক থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের বিষয়েও আলোচনা হবে।
তুরস্কের উন্নত জ্বালানি অবকাঠামো ও কারিগরি অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের সৌর ও বায়ুবিদ্যুৎ খাতে দেশটির বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, এ বিষয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
প্রধানমন্ত্রীর এ সফরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়গুলোর একটি হতে পারে প্রতিরক্ষা সহযোগিতা। সাম্প্রতিক বছরগুলোতে সামরিক শিল্প ও প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে তুরস্ক। দেশটির তৈরি ড্রোন, রাডারব্যবস্থা ও অন্যান্য সামরিক সরঞ্জাম আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছে।
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন এবং ‘ফোর্সেস গোল ২০৩০’ বাস্তবায়নের অংশ হিসেবে তুরস্ক থেকে আধুনিক ড্রোন প্রযুক্তি, সাঁজোয়া যান ও নৌ-প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহের বিষয়ে আলোচনা হতে পারে।
শুধু সামরিক সরঞ্জাম কেনা নয়, বাংলাদেশে যৌথ প্রতিরক্ষা উৎপাদন কারখানা স্থাপন এবং প্রযুক্তি স্থানান্তরের বিষয়টিও আলোচনার গুরুত্বপূর্ণ এজেন্ডায় রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে কয়েকটি খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হতে পারে।
জলবায়ু খাতে অর্থায়ন, আন্তর্জাতিক জলবায়ু তহবিল নিশ্চিতকরণ, যৌথ কূটনৈতিক উদ্যোগ ও পরিবেশবান্ধব প্রযুক্তি স্থানান্তর গুরুত্ব পাবে।
জ্বালানি খাতে এলএনজি সরবরাহ, নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন এবং তুর্কি বিনিয়োগ আকর্ষণের বিষয়টি আলোচনায় থাকবে।
প্রতিরক্ষা খাতে সামরিক সরঞ্জাম সংগ্রহ, ড্রোন প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ উৎপাদন অবকাঠামো গড়ে তোলার সম্ভাবনা খতিয়ে দেখা হবে।
অন্যদিকে, বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ, দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি এবং মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনারও সম্ভাবনা রয়েছে। বর্তমানে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ২ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন ইস্যুও দুই নেতার আলোচনায় গুরুত্ব পাবে।
আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ রোহিঙ্গা সংকট থেকে ক্রমেই সরে যাওয়ার প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশ হিসেবে তুরস্ককে আন্তর্জাতিক মঞ্চে এ বিষয়ে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানাবে বাংলাদেশ।
উল্লেখ্য, তুরস্ক ইতোমধ্যে ভাসানচর ও টেকনাফে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিক মূল্যবোধের সঙ্গে জনগণের সেবা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, একজন সরকারি কর্মকর্তার কাছে জনগণের প্রত্যাশা শুধু আদেশ-নির্দেশ নয়, বরং মানবিক আচরণও। সরকারি সেবা নিতে গিয়ে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।
গতকাল সাভারে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) মিলনায়তনে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের সার্বিক সফলতার জন্য দক্ষতা, সততা ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব গুণ শুধু একজন কর্মকর্তার ব্যক্তিগত সক্ষমতা বাড়ায় না, বরং রাষ্ট্র ও সরকারকেও সমৃদ্ধ করে।
তিনি বলেন, একাডেমিক শিক্ষা অর্জনের পর ব্যবহারিক জীবনে সেই জ্ঞান কীভাবে প্রয়োগ করতে হয়, তা কর্মকর্তারা প্রশিক্ষণের মাধ্যমে শিখেছেন। এখন সরকারি প্রশাসনে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের মধ্য দিয়ে অর্জিত জ্ঞানের প্রতিফলন ঘটাতে হবে।
তারেক রহমান বলেন, বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের কর্মস্থল ও দায়িত্বের ধরন আলাদা হতে পারে। তবে তাঁদের সবার প্রথম ও প্রধান পরিচয় তাঁরা জনপ্রশাসনের কর্মকর্তা। জনগণের সেবা করাই তাঁদের মূল দায়িত্ব।
সরকারি কর্মকর্তা হিসেবে কী করা উচিত এবং কী করা উচিত নয়, তা কর্মকর্তারা ভালোভাবেই জানেন উল্লেখ করে তিনি বলেন, জানা বিষয়গুলো কর্মক্ষেত্রে বাস্তবায়নের সদিচ্ছাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
প্রধানমন্ত্রী আরও বলেন, প্রশাসনের কর্মকর্তাদের অবশ্যই প্রচলিত বিধিবদ্ধ নিয়ম ও আইনের আওতায় থেকে দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানে চার মাসব্যাপী ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়া কর্মকর্তাদের মধ্যে সেরা ১০ জনের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।