ব্যবসায়িক জীবনে বড় ধরনের আর্থিক সংকটে পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিল। শত শত কোটি টাকার ব্যাংকঋণ পরিশোধে জটিলতার কারণে তার মালিকানাধীন একের পর এক শিল্পপ্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে। এতে ১০ হাজারের বেশি শ্রমিক কর্মসংস্থান হারিয়েছেন বলে জানা গেছে। ব্যবসা পুনরায় সচল করতে দেশি-বিদেশি বিনিয়োগকারী ও অংশীদার খুঁজেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য সাফল্য পাননি তিনি।
এমন পরিস্থিতিতে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা পাওনা আদায়ে অনন্ত জলিল ও তার প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)।
ব্যাংকের আইনি নোটিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৮ আগস্ট এবি অ্যাপারেলস লিমিটেডের ২৬৭ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকার একটি মেয়াদি ঋণ পুনঃতফসিল করা হয়। পরবর্তী সময়ে ঋণের আংশিক অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে ২০২৬ সালের ১৮ অক্টোবর ব্যাংককে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার একটি চেক দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অনন্ত জলিল।
তবে গত ২ নভেম্বর সংশ্লিষ্ট হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয়। এরপর পাওনা আদায়ে আইনি পদক্ষেপ নেয় ব্যাংকটি।
নোটিশে বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে নির্ধারিত অর্থ পরিশোধ না করলে অনন্ত জলিল ও খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ও ১৪০ ধারার উল্লেখ করা হয়েছে।
আইনি নোটিশ পাওয়ার বিষয়টি স্বীকার করে অনন্ত জলিল গণমাধ্যমকে জানান, করোনাভাইরাস মহামারির সময় প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিয়ে ব্যবসায়িক কার্যক্রম সীমিত থাকলেও শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করেছেন। ঋণের সঙ্গে সুদ যুক্ত হওয়ায় বর্তমানে দেনার পরিমাণ অনেক বেড়েছে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ব্যাংকের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তিনি।
এদিকে গ্যাস বিল বকেয়া এবং গ্যাস চুরির অভিযোগে অনন্ত জলিলের মালিকানাধীন এজেআই গ্রুপের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে প্রতিষ্ঠানগুলোর উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম আরও সংকটের মুখে পড়েছে।
তৈরি পোশাকশিল্পের মাধ্যমে ব্যবসায়িক যাত্রা শুরু করেন অনন্ত জলিল। সময়ের সঙ্গে গড়ে তোলেন একাধিক শিল্পপ্রতিষ্ঠান। ২০১০ সালে ‘খোঁজ-দ্য সার্চ’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার। ওই সিনেমায় স্ত্রী অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষার সঙ্গে অভিনয় করেন তিনি। পরবর্তী সময়ে বর্ষাকে ব্যবস্থাপনা পরিচালক করে প্রতিষ্ঠা করেন এবি অ্যাপারেলস লিমিটেড।
অনন্ত জলিলের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, আর্থিক সংকট কাটাতে বিভিন্ন দেশি-বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়িক অংশীদারের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। কয়েকজন চীনা উদ্যোক্তার সঙ্গেও আলোচনা হয়েছিল। তবে কোনো পক্ষ থেকেই প্রত্যাশিত সাড়া পাওয়া যায়নি। এমনকি কারখানাগুলো ভাড়া দেওয়ার চেষ্টা করেও সফল হননি তিনি।
চলচ্চিত্রে বেশি সময় দেওয়ার কারণে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো সংকটে পড়েছে কি না, এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি অনন্ত জলিল। তাঁর ভাষ্য, করোনাভাইরাস মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ আন্তর্জাতিক ও ব্যবসায়িক নানা প্রতিকূলতা তাঁর প্রতিষ্ঠানগুলোকে আর্থিক সংকটে ফেলেছে।
সব মিলিয়ে একসময় বড় পরিসরে পোশাকশিল্পের ব্যবসা গড়ে তোলা অনন্ত জলিলের সামনে এখন বড় চ্যালেঞ্জ ঋণের বোঝা সামলানো, বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো পুনরায় চালু করা এবং কর্মহীন শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। ব্যাংকের পাওনা পরিশোধ ও ব্যবসা পুনরুদ্ধারে তিনি কী পদক্ষেপ নেন, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।