প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১১:২৫ এএম (ভিজিট : ১৯৪)

সংগৃহীত ছবি
টাঙ্গাইল শহরে নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বারান্দার গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে তিনটি স্টিলের আলমারি ও কাঠের ওয়ার্ডরোবের জিনিসপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা।
গত শনিবার (১০ অক্টোবর) সকাল থেকে বিকেলের মধ্যে শহরের ময়মনসিংহ সড়কের পলাশতলী এলাকার বাড়িটিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার (১২ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মামুনুর রশীদের বোন আফিয়া খান (রোজি)।
বাড়িটিতে আফিয়া খান বসবাস করেন। তবে ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন। লিখিত অভিযোগে চুরি হওয়া জিনিসপত্রের বিস্তারিত উল্লেখ করা হয়নি।
অভিযোগে আফিয়া খান জানান, কয়েক দিন আগে ঢাকায় যাওয়ার সময় পূর্বপরিচিত শফিকুর রহমানকে বাড়িটি দেখাশোনার দায়িত্ব দিয়ে যান তিনি। শনিবার সকাল ৯টার দিকে শফিকুর বাড়িতে তালা দিয়ে বাইরে চলে যান। তখন সবকিছু স্বাভাবিক ছিল। বিকেল ৫টার দিকে ফিরে তিনি বারান্দার গ্রিলের তালা ভাঙা দেখতে পান।
পরে ঘরে ঢুকে মেঝেতে বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন। তিনটি স্টিলের আলমারি ভাঙা এবং কাঠের একটি ওয়ার্ডরোব খোলা অবস্থায় ছিল। আলমারিগুলোতে মামুনুর রশীদসহ তাঁদের নয় ভাইবোনের মূল্যবান জিনিসপত্র রাখা ছিল।
আফিয়া খান জানান, তিনি ঢাকায় থাকায় এবং ভাইবোনদের সবাই উপস্থিত না থাকায় কী কী জিনিস চুরি হয়েছে, তা এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না।
তিনি গণমাধ্যমকে বলেন, ‘এটা কি নিছক চুরি, নাকি অন্য কোনো উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে, এখনই বুঝতে পারছি না।’
নাট্যকার মামুনুর রশীদও গণমাধ্যমকে জানান, তাঁদের পৈতৃক বাড়ির তালা ভেঙে ঘরে ঢুকে আলমারির জিনিসপত্র তছনছ করা হয়েছে। ভাইবোনদের মাধ্যমে তিনি ঘটনাটি জানতে পেরেছেন।