প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৪:৩২ পিএম (ভিজিট : ৫৭)

সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের ডাচেস অব এডিনবার্গ সোফি। সোমবার (৯ নভেম্বর) রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে নারী ও কন্যাশিশুদের কল্যাণ, নিরাপত্তা ও ক্ষমতায়নে বাংলাদেশ ও যুক্তরাজ্যের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সোমবার ঢাকায় পৌঁছানোর পরই ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ডাচেস সোফি। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
ডাচেস অব এডিনবার্গ সোফি ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত তিন দিনের সফরে বাংলাদেশে অবস্থান করবেন। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) আমন্ত্রণে তিনি এ সফরে এসেছেন।
সফরকালে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় অংশীদারত্ব এবং সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরতে বিভিন্ন জনগোষ্ঠী ও সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
এ ছাড়া বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শনের কথা রয়েছে ডাচেস সোফির। এ উদ্দেশ্যে তিনি কক্সবাজার সফর করবেন এবং সেখানে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় নিয়োজিত বিভিন্ন সংস্থার কার্যক্রম ঘুরে দেখবেন।