প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:৪৩ এএম (ভিজিট : ৫৪)

সংগৃহীত ছবি
শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে কর্মসূচি পালনের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েক হাজার নেতাকর্মী বৈঠা হাতে নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন। প্রায় এক ঘণ্টা টোল আদায় কার্যক্রম বন্ধ থাকায় সেতুর দুই পাশে যানবাহন আটকা পড়ে।
এ সময় প্রায় ২৫টি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে এসব বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। একই সময়ে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।
ছড়িয়ে পড়া ভিডিওতে আন্দোলনকারীদের ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার পাশাপাশি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নামে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
বিভিন্ন ফেসবুক আইডি থেকে সরাসরি সম্প্রচার করা এসব ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওগুলোতে দক্ষিণ টোলপ্লাজা এলাকায় বিপুলসংখ্যক মানুষের অবস্থান এবং যান চলাচল ব্যাহত হওয়ার চিত্র দেখা যায়।
এদিকে অবরোধকারীরা বিভিন্ন দিক থেকে আসতে শুরু করলে পদ্মা সেতু দক্ষিণ থানার প্রধান ফটকে তালা লাগিয়ে ভেতরে অবস্থান নেন পুলিশ সদস্যরা। এ সময় থানার কোনো কর্মকর্তাও ফোন রিসিভ করেননি। ফলে ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।