প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:০৮ এএম (ভিজিট : ৩৬)

সংগৃহীত ছবি
রাজধানীর যাত্রাবাড়ীতে পাঁচটি ককটেলসহ মোহাম্মদ সাইফুল ইসলাম (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার ব্যবহৃত একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (৯ নভেম্বর) রাত ৮টা ১০ মিনিটের দিকে যাত্রাবাড়ীর জনপদ মোড় ফ্লাইওভারের প্রবেশমুখে পুলিশের চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় মোটরসাইকেলে থাকা পলাশ (৪৫) নামে অপর এক ব্যক্তি পালিয়ে যান।
রাত সোয়া ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ।
পুলিশ জানায়, যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. এমরান হোসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় মোটরসাইকেলে দুই আরোহীকে আসতে দেখে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু তারা পালানোর চেষ্টা করেন। পরে যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ি ও এসআরইউ সদস্যদের সহযোগিতায় সাইফুলকে আটক করা সম্ভব হয়। তবে অপর আরোহী পালিয়ে যান।
পুলিশ আরও জানায়, আটকের পর সাইফুলের হাতে থাকা একটি বাজারের ব্যাগে ধানের তুষ দেখতে পান সদস্যরা। পরে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ব্যাগটি পরীক্ষা করে এর ভেতর থেকে পাঁচটি ককটেল উদ্ধার করেন।
গ্রেপ্তার সাইফুলের বাবার নাম মৃত মোহাম্মদ খলিলুর রহমান। তার গ্রামের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ থানার ঝলম গ্রামের ১ নম্বর এলাকায়। বর্তমানে তিনি রাজধানীর শাহজাহানপুর থানার মালিবাগ ফার্স্ট লেন এলাকায় বসবাস করেন।
পুলিশের তথ্য অনুযায়ী, পালিয়ে যাওয়া পলাশের বয়স আনুমানিক ৪৫ বছর। তার বাড়ি মানিকগঞ্জে। তবে তার বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।