প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ পিএম (ভিজিট : ৩০)

সংগৃহীত ছবি
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে গত শনিবার অনুষ্ঠিত ‘কনসার্ট ফর সলিডারিটি’তে নগরবাউল জেমসের ‘আমার সোনার বাংলা’ গান পরিবেশন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। এ বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
তিনি বলেছেন, গত ১৫ বছর সংগীতশিল্পী জেমসকে ‘আমার সোনার বাংলা’ গান পরিবেশনের সময় বারবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম বাদ দিতে বাধ্য করেছিল ছাত্রলীগ। তবে এবারের কনসার্টে গানটি পরিবেশনের সময় শেখ মুজিবুর রহমানের অংশ বাদ দিতে জেমসকে কোনো চাপ দেওয়া হয়নি।
রাকিব বলেন, ‘কারণ, শেখ মুজিবের যেটুকু অবদান রয়েছে, সেটুকুকে আমরা কখনো অস্বীকার করি না।’
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় ‘কনসার্ট ফর সলিডারিটি’। ওই কনসার্টে জেমসের গাওয়া গানটির কয়েকটি লাইন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
গানটির লিরিকসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের প্রসঙ্গ উঠে আসে। এ নিয়ে তৈরি হওয়া বিতর্কের পরিপ্রেক্ষিতে রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দেন ছাত্রদল সভাপতি।
কেন্দ্রীয় ছাত্রদল আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
সভাপতির বক্তব্যে রাকিব আরও বলেন, গত ১৫ বছর ৭ নভেম্বর উদ্যাপন করতে পারেননি তারা। তবে এবার পুরো জাতিকে স্বতঃস্ফূর্তভাবে ঐতিহাসিক দিনটি উদ্যাপন করতে দেখা গেছে।
তিনি বলেন, ৭ নভেম্বর সিপাহি-জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছিল।