
সংগৃহীত ছবি
চব্বিশের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতি হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সোমবার (৯ নভেম্বর) আইনজীবীর মাধ্যমে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে চিঠি পাঠিয়ে তিনি এ আবেদন করেন। রয়টার্সের হাতে আসা ওই চিঠির বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।
২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার পর বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে শেখ হাসিনার এ ধরনের আনুষ্ঠানিক যোগাযোগের ঘটনা এটিই প্রথম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রয়টার্সের ভাষ্য অনুযায়ী, দুই বছরের বেশি সময় আগে ছাত্র-জনতার প্রাণঘাতী গণঅভ্যুত্থানের মুখে দীর্ঘদিনের ক্ষমতা হারানোর পর দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে এটি শেখ হাসিনার এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ।
এর আগে আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন তিনি। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে তিনি বাংলাদেশে ফিরতে চান।
বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে। দলটির জ্যেষ্ঠ নেতাদের একটি বড় অংশ শেখ হাসিনার মতো ভারতে অবস্থান করছেন অথবা অন্য দেশে আত্মগোপনে রয়েছেন। অনেকে আবার কারাগারেও রয়েছেন।
রয়টার্স জানিয়েছে, আওয়ামী লীগের নেতারা তাদের বলেছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর শেখ হাসিনার দেশে ফেরার তারিখ নির্ধারণ করা হবে।
গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ড দেন। ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে তাঁকে এ সাজা দেওয়া হয়। তবে ভারতে অবস্থান করে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে শেখ হাসিনার আইনজীবীরা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর অনুরোধ জানিয়েছেন।
লন্ডনভিত্তিক আইন প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা চিঠিতে উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তাঁরা জানতে পেরেছেন।
চিঠিতে বলা হয়, তাঁদের মক্কেলের বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিলের খবরের পরিপ্রেক্ষিতে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।
শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তি ও সনদের আওতায় সৃষ্ট বাধ্যবাধকতার ভিত্তিতে আবেদনগুলো দ্রুত নিষ্পত্তিরও অনুরোধ জানিয়েছেন তাঁর আইনজীবীরা।
এ বিষয়ে মন্তব্য জানতে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রতিবেদনে আরও বলা হয়, দুই বছরের বেশি সময় ধরে চলা রাজনৈতিক অস্থিরতার পর বাংলাদেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে বর্তমান সরকার। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন নতুন করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে।
তবে তাঁর প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ভারতের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান কূটনৈতিক টানাপড়েন কমার সম্ভাবনাও রয়েছে। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার পর নয়াদিল্লি ও ঢাকার দ্বিপক্ষীয় সম্পর্কে উল্লেখযোগ্য অবনতি ঘটে।