প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:৪৩ পিএম (ভিজিট : ৩৫)

সংগৃহীত ছবি
গভীর রাতে ফেসবুক লাইভে এসে সাংবাদিকদের একাংশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি। সাম্প্রতিক একটি সামাজিক ও পেশাগত বিরোধকে কেন্দ্র করে তাকে ক্ষমা চাইতে বাধ্য করা এবং বয়কটের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তিনি। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে লাইভে এসে এসব বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন এই অভিনেত্রী।
লাইভে পরীমনি প্রশ্ন তোলেন, কাউকে কীভাবে জোর করে ক্ষমা চাইতে বাধ্য করা যায়। তার ভাষ্য, কেউ ভুল করলে তার কাছে ক্ষমা চাওয়া প্রত্যাশা করা যেতে পারে, কিন্তু চাপ প্রয়োগ করে বা ভয় দেখিয়ে ক্ষমা আদায় করা গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, একটি গালির জন্য তাকে ক্ষমা চাইতে বলা হচ্ছে। একই সঙ্গে একজন নারী হিসেবে তাকে বিভিন্ন ধরনের অপমান ও হয়রানি সহ্য করতে হবে, অথচ সেসব বিষয়ে কথা বলার অধিকার থাকবে না—এমন প্রত্যাশারও সমালোচনা করেন তিনি।
সাংবাদিকদের একাংশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন পরীমনি। তার অভিযোগ, ব্যক্তিগত ক্ষোভ ও অহংবোধ থেকে কেউ কেউ তার বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন এবং তাকে নিয়ে অশালীন ভাষা ব্যবহার করছেন। এসব কর্মকাণ্ডের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিরা ক্ষমা চাইবেন কি না, সে প্রশ্নও রাখেন তিনি।
নিজের পেশাগত কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলে পরীমনি বলেন, বিভিন্ন ব্র্যান্ডের মালিকদের কাছে তাকে কাজে না নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। তাকে বয়কটের ডাক দিয়েও কোনো ফল না পেয়ে একটি পক্ষ এখন ভাঙচুর ও বিশৃঙ্খলার পথ বেছে নিয়েছে বলে দাবি করেন তিনি।
গুলশান শ্যুটিং ক্লাবে রোববার মধ্যরাতে ঘটে যাওয়া পরিস্থিতির প্রসঙ্গ টেনে পরীমনি বলেন, তিনি যেখানে যাবেন, সেখানেই অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করা হচ্ছে। সাংবাদিক পরিচয় ব্যবহার করে এ ধরনের কর্মকাণ্ড চালানোরও সমালোচনা করেন তিনি। তার মতে, এসব আচরণ কোনোভাবেই সাংবাদিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
লাইভের শেষ পর্যায়ে নিজের অবস্থানে অনড় থাকার কথা জানিয়ে ক্ষুব্ধ কণ্ঠে পরীমনি বলেন, ‘সরি ধুয়ে পানি খা!’