প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৫:২২ পিএম (ভিজিট : ৩৯)

সংগৃহীত ছবি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতে হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। প্রিজনভ্যান থেকে নামানোর আগে এক পুলিশ সদস্য হাতকড়া পরাতে গেলে তিনি আপত্তি জানিয়ে বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে।’
পরে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামিয়ে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়। এ সময় প্রিজনভ্যানের ভেতরে পুলিশের সঙ্গে কিছুক্ষণ কথা কাটাকাটিও হয়। এজলাসে নেওয়ার পথে পুলিশ ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশে জিয়াউল আহসান বলেন, ‘জয় আমাদের হবেই, কেউ ঠেকাতে পারবে না।’
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর দেড়টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আনা হয়। প্রিজনভ্যান থেকে নামানোর সময় দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরানোর চেষ্টা করলে তিনি তা প্রত্যাখ্যান করেন। একপর্যায়ে হাতকড়া ছাড়াই তাকে নামানো হয়।
পরে দুপুর ২টার দিকে জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর এজলাসে হাজির করা হয়। সেখানে তিনি নিজের বক্তব্যে জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
২০১৩ সালের ৫ মে রাতে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
এদিন দুপুর ২টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শুরু হয়।
মামলায় মোট আসামি ৪১ জন। তাঁদের মধ্যে ১১ জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন এবং বাকি ৩০ জন পলাতক। বৃহস্পতিবার কারাগারে থাকা ১১ আসামিকেই শুনানিতে অংশ নিতে ট্রাইব্যুনালে হাজির করা হয়।