
সংগৃহীত ছবি
জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন ব্যবস্থা বিলুপ্ত করার পক্ষে নিজের ব্যক্তিগত মতামত তুলে ধরেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তাঁর মতে, সংরক্ষিত আসনের মাধ্যমে নারীদের রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা হলেও এতে তাঁদের প্রকৃত স্বাবলম্বিতা ও রাজনৈতিক সক্ষমতার বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। তাই সংরক্ষিত আসনের পরিবর্তে রাজনৈতিক দলগুলোকে বাধ্যতামূলকভাবে মোট আসনের এক-তৃতীয়াংশে নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার বিধান চালুর প্রস্তাব দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীতে ‘সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাস’-এর সভায় প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন। সভায় ককাসের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য উপস্থিত ছিলেন। এ সময় দেশের সংসদীয় রাজনীতি ও নারী নেতৃত্বের বিকাশ নিয়ে নিজের মতামত তুলে ধরেন তিনি।
সংরক্ষিত নারী আসনের ইতিহাস তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, স্বাধীনতার পর প্রথম জাতীয় সংসদে নারীদের পিছিয়ে থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁদের জন্য ১৫টি আসন সংরক্ষিত রাখা হয়েছিল। সে সময় ধারণা ছিল, সমাজের অগ্রগতির সঙ্গে সঙ্গে একপর্যায়ে এই ব্যবস্থা বিলুপ্ত হবে। কিন্তু বাস্তবে প্রতিটি সংসদে সংরক্ষিত আসনের সংখ্যা বাড়ানো হয়েছে। বর্তমানে তা ৫০টিতে পৌঁছেছে।
স্পিকার বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সংরক্ষিত আসন বা মনোনয়নভিত্তিক এই ব্যবস্থা তুলে দেওয়ার সময় এসেছে। তাঁর মতে, এ ধরনের ব্যবস্থা দীর্ঘদিন বহাল থাকলে নারীরা সরাসরি নির্বাচনে অংশ নিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণের পর্যাপ্ত সুযোগ পাবেন না। অথচ দেশের বিভিন্ন অঞ্চলে অনেক দক্ষ ও যোগ্য নারী নেতৃত্ব রয়েছেন, যাঁরা সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পুরুষ প্রার্থীদের পরাজিত করার সক্ষমতা রাখেন।
বর্তমান সংসদের নারী সদস্যদের প্রশংসা করে তিনি অতীতের একটি অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন। স্পিকার বলেন, আগের একটি সংসদে এমন একজন সংরক্ষিত নারী সদস্যকে দেখেছিলেন, যিনি লিখিত বক্তব্যও ঠিকভাবে পড়তে পারছিলেন না। তবে বর্তমান সংসদের চিত্র সম্পূর্ণ আলাদা। এবারের নারী সংসদ সদস্যরা অত্যন্ত দক্ষ, স্মার্ট ও যোগ্য।
তিনি জানান, বর্তমান সংসদে ছয়জন নারী ব্যারিস্টারসহ সাত-আটজন নারী সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছেন। সংসদে তাঁদের বক্তব্য যুক্তিপূর্ণ ও প্রশংসনীয়। তাঁদের পারফরম্যান্সে তিনি নিজেও মুগ্ধ। স্পিকারের মতে, এটি দেশের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক অগ্রগতির প্রতিফলন। দীর্ঘদিন ধরে দেশের শীর্ষ নেতৃত্বেও নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাই সুযোগ পেলে নারীরা সরাসরি নির্বাচনের মাধ্যমেই নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবেন।
সংরক্ষিত আসনের বিকল্প হিসেবে স্পিকার প্রস্তাব করেন, প্রতিটি রাজনৈতিক দলকে মোট নির্বাচনী আসনের অন্তত এক-তৃতীয়াংশে নারী প্রার্থী মনোনয়ন দেওয়া বাধ্যতামূলক করা যেতে পারে। এ জন্য প্রয়োজনীয় আইন প্রণয়নের কথাও বলেন তিনি। এতে যোগ্য নারীরা সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জনগণের ভোটে সংসদ সদস্য হওয়ার সুযোগ পাবেন।
অনুষ্ঠানে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, দুর্নীতি, নির্বাচনব্যবস্থা এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার নিয়েও আলোচনা করেন স্পিকার। তিনি বলেন, দেশের প্রায় সাড়ে তিন কোটি দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে সর্বদলীয় সংসদীয় ককাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে সংসদের ভেতরে ও বাইরে ইতিবাচক সংস্কার কার্যক্রম এগিয়ে নিতেও এই ককাস কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।