
সংগৃহীত ছবি
পাইলট হওয়ার সুযোগ আর নির্দিষ্ট কোনো পরিবার বা শ্রেণির মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না সরকার। মেধা ও যোগ্যতার ভিত্তিতে দেশের যেকোনো প্রান্তের তরুণ-তরুণীকে পাইলট হওয়ার সুযোগ দিতে ট্যালেন্ট হান্টের মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ময়মনসিংহ নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত ‘জেলা প্রশাসক আন্তঃউপজেলা বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এর ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, আগে পাইলটের ছেলেই পাইলট হতো। এখন সরকার চায়, একজন কৃষকের সন্তানও যেন পাইলট হওয়ার সুযোগ পান। এ লক্ষ্যেই ট্যালেন্ট হান্টের মাধ্যমে সুযোগ উন্মুক্ত করা হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের যেকোনো প্রান্তের মেধাবী ও যোগ্য প্রার্থী পাইলট হতে পারবেন।
তিনি আরও বলেন, দেশের শিক্ষার মান যে পর্যায়ে নেমে গিয়েছিল, সেখান থেকে উত্তরণে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ। দক্ষ ও যোগ্য জনবল তৈরিতে সরকার কাজ করছে। শুধু বিমান পরিবহন মন্ত্রণালয় নয়, প্রতিটি মন্ত্রণালয়েই ট্যালেন্ট হান্টের মাধ্যমে মেধাবীদের খুঁজে বের করে জাতীয় উন্নয়নে কাজে লাগানো প্রয়োজন।
বিতর্ক প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের যুক্তিবোধ, চিন্তাশক্তি ও মেধা বিকাশে সহায়তা করে। তাই শুধু জেলা পর্যায়ে নয়, দেশের প্রতিটি জেলা ও উপজেলায় এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা উচিত। এর মাধ্যমে ভবিষ্যতের যোগ্য জনবল ও নেতৃত্ব গড়ে তোলা সম্ভব হবে। এমন আয়োজন করায় ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী চিন্তা, সৃজনশীলতা, উপস্থাপন দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের পাশাপাশি ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল করে তুলতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ‘যুক্তিতে মুক্তি, সত্যের জয়, বিতর্কে গড়ি আগামীর পরিচয়’ স্লোগানে আয়োজিত প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।
ফাইনালের বিতর্কের বিষয় ছিল, ‘গ্রামকে শহরে রূপান্তর নয়, বরং গ্রামকে স্বাবলম্বী করে গড়ে তোলাই টেকসই উন্নয়নের একমাত্র পথ।’ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ লড়াইয়ে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।
প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমিক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেয়। জেলার ১৩টি উপজেলা থেকে দুটি করে ২৬টি দল এবং সদর ও সিটি করপোরেশন এলাকা থেকে ছয়টি দল নিয়ে প্রাথমিক পর্যায়ে মোট ৩২টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বাছাইপর্ব শেষে জেলা পর্যায়ে ১৬টি দল নকআউট পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করে। প্রতিটি দলে ছিলেন তিনজন করে বিতার্কিক। উপজেলা পর্যায়ে নির্বাচিত সেরা বিতার্কিকরাই জেলা পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পায়।
গত ২৭, ২৮ ও ২৯ অক্টোবর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর ১ থেকে ১২ নভেম্বর পর্যন্ত জেলা পর্যায়ের বিভিন্ন পর্ব অনুষ্ঠিত হয় ময়মনসিংহ জিলা স্কুল, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল, মুকুল নিকেতন স্কুল, প্রিমিয়ার আইডিয়াল স্কুল ও তারেক স্মৃতি অডিটোরিয়ামে।
উপজেলা পর্যায়ের বিতর্কের বিষয় ছিল, ‘ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়তে প্রাতিষ্ঠানিক পরিচ্ছন্নতা কর্মসূচির চেয়ে ব্যক্তিগত সচেতনতা বেশি কার্যকর।’ জেলা পর্যায়ের প্রতিযোগিতায় খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মানবিক ও শারীরিক বিকাশ, প্রযুক্তিনির্ভরতার প্রভাব, বিদ্যালয়ে মিড ডে মিলের কার্যকারিতা এবং পরিচ্ছন্ন বাংলাদেশ গঠনে নাগরিকের ব্যক্তিগত দায়বদ্ধতাসহ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে বিতর্ক হয়।
কোয়ার্টার ফাইনালে অপরাধ দমনে কঠোর শাস্তির পরিবর্তে নৈতিক শিক্ষার প্রসার এবং মাদক প্রতিরোধে পরিবারের ভূমিকা নিয়ে বিতর্ক অনুষ্ঠিত হয়। সেমিফাইনালে ডিজিটাল ডিভাইসের ব্যবহার শিক্ষার্থীদের বইবিমুখ করছে কি না এবং কোচিং ও গাইডবই প্রকৃত জ্ঞানার্জনে বাধা সৃষ্টি করছে কি না, তা নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রতিযোগীরা।
প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য শিক্ষা উপকরণভিত্তিক পুরস্কারের ব্যবস্থা রাখা হয়। চ্যাম্পিয়ন নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এক লাখ টাকা সমমূল্যের শিক্ষা উপকরণ এবং রানার্সআপ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ৫০ হাজার টাকা সমমূল্যের শিক্ষা উপকরণ পাবে। এ ছাড়া রাউন্ড অব সিক্সটিনে অংশ নেওয়া প্রত্যেক বিতার্কিকের জন্যও উপহারের ব্যবস্থা ছিল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান লিটন এবং ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
এ ছাড়া উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এবং জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।