
সংগৃহীত ছবি
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর আরও ঋণ নয়, প্রয়োজন অনুদান। পাশাপাশি এসব দেশের জন্য নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজন কার্যক্রমে জোরালো সহযোগিতা নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্টালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এসব আহ্বান জানান।
ভাষণে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের অবস্থান, সরকারের উন্নয়ন পরিকল্পনা এবং আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন ব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ন্যায্য অর্থায়ন ও বাণিজ্যের ভিত্তিতে জ্বালানি রূপান্তর নিশ্চিত করতে কপ-৩১ সম্মেলনে ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণের প্রস্তাব দেন তিনি।
ভাষণের শুরুতে কপ-৩১ আয়োজনের জন্য তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান তারেক রহমান। সম্মেলনের আলোচনা প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য অস্ট্রেলিয়ার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ বিশ্বের সম্মুখসারির দেশগুলোর একটি। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান ০.৫ শতাংশেরও কম।
তিনি বলেন, নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে পরিচালিত সরকার মনে করে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণকে পাশাপাশি এগিয়ে নিতে হবে। শিল্পায়ন ও উন্নয়নের ধারায় প্রকৃতির সুরক্ষা এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখা জরুরি।
নবায়নযোগ্য জ্বালানির প্রসঙ্গে তারেক রহমান জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নিট শূন্য কার্বন নিঃসরণ অর্জনের লক্ষ্যেও কাজ চলছে।
বিশেষ কর প্রণোদনার মাধ্যমে চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন কার্যক্রমকেও উৎসাহিত করছে সরকার।
সবুজ শিল্পায়নের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশে পরিবেশবান্ধব শিল্পের বিকাশে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্তমানে বাংলাদেশে প্রায় ৩০০টি লিড সনদপ্রাপ্ত তৈরি পোশাক কারখানা রয়েছে। পাশাপাশি বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থার প্রসার এবং পাটজাত ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়ানোর উদ্যোগ চলছে। কার্বন বাণিজ্যের জন্য একটি জাতীয় কাঠামোও তৈরি করা হচ্ছে।
পরিবেশ সংরক্ষণে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা জানান তারেক রহমান। এ ছাড়া পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজ মাস্টার প্ল্যান বাস্তবায়নের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
এসব কর্মসূচির মাধ্যমে জলাধারে পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি হ্রাস, জলাভূমি পুনরুদ্ধার এবং ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানোর লক্ষ্য রয়েছে। একই সঙ্গে উপকূলীয় পুনরুদ্ধারকৃত জমিতে ম্যানগ্রোভ বন পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে, যা স্থানীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন ব্যবস্থার সীমাবদ্ধতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান অর্থায়ন কাঠামো উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকারের তুলনায় এখনো অপর্যাপ্ত। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি বাংলাদেশের অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি করছে। এর সঙ্গে ঋণ পরিশোধের ক্রমবর্ধমান বোঝা এবং সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
তিনি বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য নতুন ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক সহায়তা প্রয়োজন। একই সঙ্গে নির্ভরযোগ্য অর্থায়ন, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজন কার্যক্রমে কার্যকর সহযোগিতা নিশ্চিত করতে হবে।
‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির ভিত্তিতে বাংলাদেশ পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের প্রস্তাব দিচ্ছে বলে জানান তারেক রহমান।
প্রথমত, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের নিজস্ব অগ্রাধিকার অনুযায়ী অভিযোজন কার্যক্রমে বরাদ্দ দিতে হবে। পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর উদ্যোগেও সহায়তা অব্যাহত রাখতে হবে।
দ্বিতীয়ত, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’ ব্যবস্থাসহ জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালু করতে হবে।
তৃতীয়ত, পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করার পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোতে এসব প্রযুক্তি হস্তান্তরে প্রয়োজনীয় সহায়তা দিতে হবে।
চতুর্থত, সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ জোরদার করতে হবে।
পঞ্চমত, ন্যায্য অর্থায়ন ও বাণিজ্যের ভিত্তিতে জ্বালানি রূপান্তর নিশ্চিত করতে কপ-৩১ সম্মেলনে ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করতে হবে।
জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জনে বিশ্বজুড়ে কার্বন নিঃসরণ কমাতে হবে।
ভাষণের শেষ পর্যায়ে একটি সফল কপ-৩১ সম্মেলনের প্রত্যাশা জানিয়ে তারেক রহমান বলেন, বাংলাদেশ আশা করে, সম্মেলন থেকে অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী সিদ্ধান্ত আসবে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থকে এসব সিদ্ধান্তে অগ্রাধিকার দিতে হবে।
সবশেষে বিশ্বনেতাদের প্রতি বিদ্যমান প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন, বৈশ্বিক সংহতি জোরদার এবং সম্মিলিত প্রচেষ্টায় একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান তিনি।