বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬ ● ২৭ কার্তিক ১৪৩৩

শিরোনাম: তথ্য কমিশনকে শক্তিশালী করতে ১০০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা   সারাদেশের অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের   এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী   হাতকড়া পরতে অস্বীকৃতি জিয়াউল আহসানের, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’   সংরক্ষিত নারী আসন বিলুপ্ত করে এক-তৃতীয়াংশ আসনে নারী প্রার্থী দেওয়ার পক্ষে স্পিকার   বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন তারেক রহমান   শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়ার ৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ   
সারাদেশের অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৫:২৮ পিএম   (ভিজিট : ৩৩)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের সব অবৈধ ইটভাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিভাগীয় কমিশনার ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালতের এ নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। ইটভাটা মালিকদের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ আলী এবং পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ।

আইনজীবী মনজিল মোরসেদ জানান, মানবাধিকার ও পরিবেশবিষয়ক সংগঠন এইচআরপিবির করা জনস্বার্থমূলক মামলায় ২০২২ সালের ১৩ নভেম্বর হাইকোর্ট রুল জারি করে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। পরবর্তী সময়ে ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে আদালতে আবেদন করে আগের আদেশ সংশোধনের অনুরোধ জানানো হয়। তবে আদালত দেশের সব অবৈধ ইটভাটা বন্ধ করে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ বহাল রাখেন। এরপর উচ্ছেদ অভিযান শুরু হয়।

পরবর্তীতে ইটভাটা মালিকদের পক্ষ থেকে জিগজ্যাগ প্রযুক্তির ইটভাটাগুলোকে আদালতের নির্দেশনার আওতার বাইরে রাখার আবেদন করা হয়। শুনানি শেষে হাইকোর্ট আবেদনটি সংশোধন করলেও অবৈধ ইটভাটা উচ্ছেদের নির্দেশনা বহাল রাখেন।

এ আদেশের বিরুদ্ধে বিভিন্ন ইটভাটার মালিক একাধিক আপিল করে স্থগিতাদেশ চাইলেও তা পাননি। পরবর্তী সময়ে আপিল বিভাগও এসব আপিল খারিজ করে দেন।

মনজিল মোরসেদ আরও জানান, আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও বিভিন্ন অবৈধ ইটভাটার মালিক পুনরায় কার্যক্রম শুরুর চেষ্টা করছেন বলে খবর পাওয়া যায়। এ পরিস্থিতিতে এইচআরপিবির পক্ষ থেকে আদালতে নতুন করে আবেদন করা হয়। আবেদনে অবৈধ ইটভাটা বন্ধ ও অপসারণের বিষয়ে আগের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন দাখিলের আবেদন জানানো হয়।

উভয় পক্ষের বক্তব্য শুনে হাইকোর্ট আবেদনটি মঞ্জুর করেন। একই সঙ্গে আগের নির্দেশনা অনুযায়ী দেশের সব অবৈধ ইটভাটা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পরিবেশ অধিদপ্তর ও সব বিভাগীয় কমিশনারকে নির্দেশ দেন আদালত। গৃহীত পদক্ষেপের প্রতিবেদন আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে দাখিল করতে বলা হয়েছে।

তবে এ নির্দেশনার পাশাপাশি বৈধ ইটভাটার মালিকদের যেন কোনো ধরনের হয়রানি করা না হয়, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]