
সংগৃহীত ছবি
জনগণকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করা এবং তথ্য কমিশনের কার্যক্রম আরও শক্তিশালী করতে ১০০ দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশন ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ পরিকল্পনার কথা জানান।
প্রধান তথ্য কমিশনার বলেন, গত ১৭ বছরে তথ্য কমিশন কাজ করলেও গণতন্ত্রের চর্চায় উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেনি। তবে এবার সাধারণ মানুষের কাছে তথ্য কমিশনের কার্যক্রম ও গুরুত্ব তুলে ধরতে চায় কমিশন। তথ্য কমিশনের মাধ্যমে মানুষের মধ্যে অধিকার সম্পর্কে সচেতনতা তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কমিশনের দরজা সবার জন্য উন্মুক্ত।
১০০ দিনের কর্মপরিকল্পনার বিস্তারিত তুলে ধরে ড. নাহরিন ইসলাম খান জানান, এ কর্মসূচির আওতায় তিনটি সরকারি ও চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তথ্য মেলার আয়োজন করা হবে। আগামী সপ্তাহে বিভিন্ন স্কুলেও অনুষ্ঠিত হবে তথ্য মেলা। এসব আয়োজনের মাধ্যমে মানুষ কীভাবে সহজে নিজের অধিকার দাবি করতে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারে, সে বিষয়ে সচেতন করা হবে।
তথ্য কমিশনে এখন পর্যন্ত ১ হাজার ১১৭টি অভিযোগ জমা পড়েছে জানিয়ে তিনি বলেন, আগামী ১৬ তারিখ থেকে এসব অভিযোগের শুনানি শুরু হবে। পাশাপাশি সাংবাদিক, কনটেন্ট ক্রিয়েটর ও রাজনীতিবিদদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হবে।
সরকারি অর্থের ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে প্রধান তথ্য কমিশনার বলেন, জনগণের অর্থ কোথায় এবং কীভাবে ব্যয় হচ্ছে, সেই তথ্যও নাগরিকদের সামনে তুলে ধরা হবে। এ লক্ষ্যে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বিদেশি সহায়তাপ্রাপ্ত বেসরকারি প্রতিষ্ঠানগুলোর আর্থিক তথ্য ওয়েবসাইটে প্রকাশের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) চিঠি দিয়ে যেসব বিশ্ববিদ্যালয়ে তথ্য অবমুক্তকরণ নীতিমালা রয়েছে, সেগুলো অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রকাশের অনুরোধ জানানো হয়েছে। যেসব বিশ্ববিদ্যালয়ে এ ধরনের নীতিমালা নেই, সেগুলোকে দ্রুত নীতিমালা প্রণয়নের আহ্বান জানানো হয়েছে।
তথ্য কমিশনের নিরপেক্ষ ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে নাহরিন ইসলাম খান বলেন, কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করবে। একটি শক্তিশালী তথ্য কমিশন প্রতিষ্ঠিত হলে সরকারও গণতান্ত্রিক চর্চার পথে আরও এগিয়ে যেতে পারবে।