শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬ ● ২৮ কার্তিক ১৪৩৩

শিরোনাম: দুই ব্যাংকে অনন্ত জলিলের ৪০৭ কোটি টাকা ঋণখেলাপি, আদায়ে আইনি পদক্ষেপ   নতুন বেতনস্কেলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন বাড়ছে সর্বোচ্চ ১০০ শতাংশ   জনসমর্থন ছাড়া ষড়যন্ত্র ও নাশকতার চেষ্টা সফল হবে না: রিজভী   খুলনায় যৌথ অভিযান শুরুর সিদ্ধান্তের মধ্যেই বিএনপি নেতাকে গুলি করে হত্যা   ৩০ টাকা কেজি দরে মাসে ১০ কেজি চাল পাবেন পোশাকশ্রমিকরা   কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান   কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী আওয়ামী লীগ নেতা, বিএনপিতে ক্ষোভ   
নতুন বেতনস্কেলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন বাড়ছে সর্বোচ্চ ১০০ শতাংশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১০:২০ এএম   (ভিজিট : ৭৭)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নতুন জাতীয় বেতনস্কেল অনুযায়ী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যমান নিট পেনশনের পরিমাণ বিবেচনায় ৫৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত পেনশন বৃদ্ধির বিধান রাখা হয়েছে। একই সঙ্গে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার এবং সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে বুধবার (১১ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এটি গেজেট আকারে প্রকাশিত হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ক্ষমতাবলে চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর কয়েকটি বিধান সংশোধন করে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। সংশোধিত বিধান ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর বলে গণ্য হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ৩০ জুন ২০২৬ তারিখে একজন পেনশনভোগী যে পরিমাণ নিট পেনশন পেতেন, তার ভিত্তিতেই বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে। এতে ৯ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন ১০০ শতাংশ বাড়বে। ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত পেনশনভোগীদের ক্ষেত্রে বৃদ্ধির হার ৭৫ শতাংশ। ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পেনশন পাওয়া ব্যক্তিদের ৬৫ শতাংশ, ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত পেনশনভোগীদের ৬০ শতাংশ এবং ৪০ হাজার ১ টাকা বা তার বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের ৫৫ শতাংশ পেনশন বাড়ানো হবে।

তবে পেনশন বৃদ্ধির পর প্রতিটি স্তরের জন্য সর্বোচ্চ সীমাও নির্ধারণ করে দিয়েছে সরকার। সে অনুযায়ী, বর্তমানে ৯ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন পাওয়া ব্যক্তিরা সর্বোচ্চ ১৮ হাজার টাকা, ৯ হাজার ১ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত পেনশনভোগীরা সর্বোচ্চ ৩৫ হাজার টাকা, ২০ হাজার ১ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পেনশনভোগীরা সর্বোচ্চ ৪৯ হাজার টাকা এবং ৩০ হাজার ১ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত পেনশনভোগীরা সর্বোচ্চ ৬২ হাজার টাকা পাবেন। অন্যদিকে, ৪০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশন পাওয়া ব্যক্তিদের সর্বোচ্চ পেনশন নির্ধারণ করা হয়েছে ৭০ হাজার ২০০ টাকা।

একাধিক পারিবারিক পেনশনভোগীর ক্ষেত্রেও নতুন নিয়ম যুক্ত করা হয়েছে। কোনো মূল পেনশনভোগী একাধিক পারিবারিক পেনশনভোগী রেখে মারা গেলে তাঁর প্রাপ্য উৎসব ভাতার ভিত্তিতে বিধি অনুযায়ী আনুপাতিক হারে তাঁদের মধ্যে নিট পেনশন বণ্টন করতে হবে।

এ ছাড়া বর্তমানে যেসব পেনশনভোগী মাসে ৭০ হাজার ২০০ টাকার বেশি নিট পেনশন পাচ্ছেন, তাঁদের ক্ষেত্রে ১ জুলাই ২০২৭ থেকে বার্ষিক নিট পেনশন বৃদ্ধির বিধান কার্যকর না হওয়া পর্যন্ত আগের হার বহাল থাকবে।

অবসর-উত্তর ছুটি ও পেনশন নির্ধারণের ক্ষেত্রেও নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব সরকারি কর্মচারীর অবসর-উত্তর ছুটি ১ জুলাই ২০২৬-এর আগে শুরু হয়েছে এবং ওই তারিখে বা তার পরও চলমান রয়েছে, তাঁরা জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী বিশেষ সুবিধাসহ ছুটিকালীন বেতন-ভাতা পাবেন। তবে ছুটি শেষ হওয়ার পর তাঁদের নিট পেনশন ও আনুতোষিক ২০২৬ সালের জাতীয় বেতনস্কেল অনুসারে নির্ধারণ করা হবে।

অন্যদিকে, যেসব সরকারি কর্মচারী ১ জুলাই ২০২৬ বা তার পর অবসর-উত্তর ছুটিতে যাবেন, তাঁদের ছুটিকালীন বেতন-ভাতা নতুন জাতীয় বেতনস্কেল অনুযায়ী নির্ধারিত হবে। ছুটি শেষে নিট পেনশন ও আনুতোষিকও একই বেতনস্কেলের বিধান অনুসারে দেওয়া হবে।

প্রজ্ঞাপনে ল্যাম্পগ্র্যান্টের বিষয়েও পৃথক নির্দেশনা রয়েছে। কোনো কর্মচারীর চাকরি ৩০ জুন ২০২৬ তারিখে শেষ হওয়ার পর ১ জুলাই অবসর-উত্তর ছুটি শুরু হলে তিনি ২০১৫ সালের বেতনস্কেল অনুযায়ী অবসরকালীন নির্ধারিত মূল বেতনের সমপরিমাণ ল্যাম্পগ্র্যান্ট পাবেন। তবে ১ জুলাই ২০২৬ বা তার পর অবসর-উত্তর ছুটি শুরু হলে ২০২৬ সালের বেতনস্কেল অনুযায়ী নির্ধারিত মূল বেতনের সমপরিমাণ ল্যাম্পগ্র্যান্ট প্রাপ্য হবেন।

অর্থ বিভাগের যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]