প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:২৯ পিএম (ভিজিট : ১৫৪)

সংগৃহীত ছবি
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে পৃথক দুটি বিভাগে বিভক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। শিগগিরই এ সিদ্ধান্ত আইনি ভিত্তি পাবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার অর্থনৈতিক উন্নয়ন ও শৃঙ্খলা নিশ্চিত করতে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছে। আগামী দিনে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে। একই সঙ্গে মোট দেশজ উৎপাদন (জিডিপি) ও রাজস্ব আদায়ে প্রত্যাশিত প্রবৃদ্ধি অর্জিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চলমান কর্মসূচি প্রসঙ্গে আমির খসরু বলেন, বিষয়টি কেবল ঋণ পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি একটি সমন্বিত কর্মসূচি। আইএমএফের সঙ্গে সরকারের আলোচনা ও কার্যক্রম অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে গঠিত সরকারি ওয়ার্কিং গ্রুপ সংস্থাটির প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করছে। আগামী জানুয়ারির মধ্যে এসব আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে আশা করছে সরকার।
তিনি আরও বলেন, আইএমএফের কাছ থেকে ঋণ পাওয়াই এখানে মূল লক্ষ্য নয়, বরং সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনার উন্নয়নই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ইসলামী উন্নয়ন ব্যাংকসহ (আইডিবি) অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গেও সরকারের যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানান অর্থমন্ত্রী।
রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে আশাবাদ জানিয়ে তিনি বলেন, আগামী জানুয়ারির মধ্যে সরকার নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে বলে প্রত্যাশা করা হচ্ছে। অর্থনীতির বিভিন্ন সূচকে ধীরে ধীরে উন্নতি আসবে। তবে এসব উদ্যোগের সুফল পুরোপুরি দৃশ্যমান হতে কিছুটা সময় লাগবে।
আমির খসরু বলেন, সরকার মাত্র প্রথম প্রান্তিক শেষ করেছে। পরবর্তী প্রান্তিকগুলোতে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ক্রমান্বয়ে বাড়বে বলে আশা করা হচ্ছে।