প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৪:৩২ পিএম (ভিজিট : ৭৯)

সংগৃহীত ছবি
আগামী গ্রীষ্মে বিদ্যুৎ সংকট ও ভোগান্তি সহনীয় পর্যায়ে রাখতে সৌরবিদ্যুৎ থেকে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়েছে সরকার। এ কথা জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
লক্ষ্য বাস্তবায়নে ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন বা রুফটপ সোলারকে সহজ সমাধান হিসেবে দেখছে বিদ্যুৎ বিভাগ।
সোমবার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ভবনে ৩১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন কার্যক্রম নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, এবারের গ্রীষ্মে মানুষ যে ভোগান্তির শিকার হয়েছে, আগামী গ্রীষ্মে তা যেন না হয়—অথবা হলেও যেন সহনীয় পর্যায়ে থাকে, সে লক্ষ্যেই কাজ করছে সরকার। আগামী গ্রীষ্মের মধ্যে সৌরবিদ্যুৎ প্যানেল থেকে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। এ ক্ষেত্রে ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনই সহজ সমাধান।
সভায় বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ বলেন, আগামী গ্রীষ্ম মানুষের জন্য সহনীয় করতে চায় সরকার। এ লক্ষ্যেই সৌরবিদ্যুৎ উৎপাদনকে গুরুত্ব দেওয়া হচ্ছে।