মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬ ● ১১ কার্তিক ১৪৩৩

শিরোনাম: ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাৎ, ১৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা   সৌদি আরবে হামলা হলে পূর্ণ শক্তি দিয়ে প্রতিরক্ষার ঘোষণা পাকিস্তানের   জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির তিন দিনের কর্মসূচি ঘোষণা   আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যে টিআইবির নিন্দা, অপসারণের দাবি   ইসরায়েলে ভোটগ্রহণ, কঠিন চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু   ‘শত্রুর সঙ্গেও ইনসাফ করতে হবে’, মানিক পশারীর মরদেহ দাফনে বাধা নিয়ে নাহিদ ইসলামের ক্ষোভ   অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, ৪ সমুদ্রবন্দরে সতর্কসংকেত   
চার মাস ভারপ্রাপ্ত থাকার পর এনবিআরের চেয়ারম্যান আহসান হাবিব
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৭:২২ পিএম   (ভিজিট : ১২৯)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারপ্রাপ্ত হিসেবে প্রায় চার মাস দায়িত্ব পালনের পর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান হলেন আয়কর ক্যাডারের কর্মকর্তা আহসান হাবিব। রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় তাঁকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব হিসেবে নিয়োগ দিয়ে এনবিআরের চেয়ারম্যান করা হয়েছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আয়কর ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা আহসান হাবিবকে প্রেষণে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসরের আগে তাঁকে নিজ ক্যাডারে ফিরে যেতে হবে।

গত ২৯ জুন তাঁকে আইআরডির ভারপ্রাপ্ত সচিব ও এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল। চার মাসের দায়িত্বকাল পূর্ণ হওয়ার তিন দিন আগেই তাঁকে ভারমুক্ত করে পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হলো।

এর আগে আহসান হাবিব এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি এনবিআরের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদে রয়েছেন।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার শুরুতেই সিআইসির প্রধান হিসেবে নিয়োগ পান আহসান হাবিব। দায়িত্ব গ্রহণের পর থেকে বড় শিল্পগোষ্ঠীগুলোর কথিত কর ফাঁকির বিষয়গুলো সামনে আনতে কাজ করেন তিনি।

মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের আগস্টে ক্ষমতা গ্রহণের পর কর প্রশাসনে ব্যাপক রদবদল আনে। ওই বছরের সেপ্টেম্বরে সিআইসি থেকে শুরু করে একযোগে দেশের ৪০ জন কর কমিশনারকে বদলি করা হয়, যা এনবিআরের ইতিহাসে বিরল ঘটনা হিসেবে বিবেচিত হয়।

ওই রদবদলের অংশ হিসেবে তৎকালীন সিআইসির মহাপরিচালক খাইরুল ইসলামকে বৃহৎ করদাতা ইউনিটে বদলি করা হয়। তাঁর স্থলে দায়িত্ব পান ঢাকার কর অঞ্চল-১৫-এর তৎকালীন কমিশনার আহসান হাবিব।

কর অঞ্চলে দায়িত্ব পালনকালে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত পরিবারের ব্যাংক হিসাব তলব এবং কর ফাঁকি উদ্ঘাটনের কাজ শুরু করেন আহসান হাবিব। এর কিছুদিন পর তাঁকে গোয়েন্দা সংস্থায় পদায়ন করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগে পদোন্নতি পেয়ে এনবিআরের সদস্য হিসেবে দায়িত্ব পান তিনি।

এনবিআরে মূলত কাস্টমস ও কর ক্যাডারের কর্মকর্তারা কাজ করেন। এ দুই ক্যাডার থেকে সরাসরি সচিব হওয়ার সুযোগ না থাকায় অতীতে অনেক কর্মকর্তা উপসচিব পুলের মাধ্যমে সচিব পদে উন্নীত হয়েছেন।

তবে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় সরকার চাইলে সরাসরি কাউকে সচিব হিসেবে নিয়োগ দিতে পারে। এর আগে অন্তর্বর্তী সরকারের সময় কাস্টমস ক্যাডারের কর্মকর্তা মইনুল খানকে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান করা হয়েছিল।

এবার বিএনপি প্রশাসন আয়কর ক্যাডারের কর্মকর্তা আহসান হাবিবকে সচিবের মর্যাদায় নিয়োগ দিয়ে এনবিআরের চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]