অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আদেশ প্রত্যাহার করায় মো. শওকত আলী খান সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন। তাঁর দায়িত্ব পালনে এখন কোনো বাধা নেই।
এর আগে গত ১৯ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক-১ শাখা থেকে জারি করা এক চিঠিতে শওকত আলী খানের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে প্রয়োজনীয় বিধিগত কার্যক্রম নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। ব্যাংক কোম্পানি আইন এবং ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী এ কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়। সরকারের সম্মতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া অনুসরণের নির্দেশনাও দেওয়া হয়েছিল।
একই দিনে জনতা ব্যাংক পিএলসি ও রূপালী ব্যাংক পিএলসির এমডি ও সিইওদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়েও চিঠি জারি করা হয়।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ওই চিঠিতে জনতা ব্যাংকের এমডি ও সিইও মো. মজিবর রহমান এবং রূপালী ব্যাংকের এমডি ও সিইও কাজী মো. ওয়াহিদুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে সরকারের সুপারিশ ও সম্মতির কথা উল্লেখ করা হয়। তাঁদের ক্ষেত্রেও ব্যাংক কোম্পানি আইন এবং সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী পরবর্তী বিধিগত কার্যক্রম নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।