প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:২২ পিএম (ভিজিট : ১৩৩)

সংগৃহীত ছবি
পুলিশের প্রশাসনিক ও স্পর্শকাতর তথ্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাছে পাচারের অভিযোগ উঠেছে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমের বিরুদ্ধে। এ ঘটনায় তার ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল কুদ্দুস চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, প্রশাসনিক কিছু বিষয়ে এসপি জাহাংগীর আলমকে ডাকা হয়েছিল। ঘটনাটি তদন্তে অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলামকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
তিনি আরও বলেন, মঙ্গলবার জাহাংগীর আলমের দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন থাকায় এ মুহূর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।
অতিরিক্ত ডিআইজি সফিজুল ইসলাম জানান, মঙ্গলবার জাহাংগীর আলমকে ডাকা হলেও বিষয়টিকে সরাসরি জিজ্ঞাসাবাদ বলা যাবে না। জব্দ করা দুটি ফোন ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকার স্পেশাল ব্রাঞ্চে পাঠানো হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তদন্ত কমিটি প্রতিবেদন দেবে।
চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ের সূত্রের বরাতে জানা গেছে, ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা জাহাংগীর আলমের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ উঠেছে। এ অভিযোগের ভিত্তিতে তাকে ডেকে সংশ্লিষ্ট বিষয়ে জানতে চাওয়া হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা তার ব্যক্তিগত ও দাপ্তরিক মোবাইল ফোন পরীক্ষা করেন। প্রাথমিকভাবে তথ্য পাচারের কিছু আলামত পাওয়া গেছে বলে সূত্রের দাবি।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, জাহাংগীর আলমের ফোনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এ-সংক্রান্ত একটি সূত্র পাওয়ার পর তাকে ডাকা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি দাপ্তরিক দায়িত্ব পালন করছেন। তবে তাকে নজরদারিতে রাখা হয়েছে।
দুটি মোবাইল ফোন জব্দ থাকায় এ বিষয়ে বক্তব্য জানতে এসপি জাহাংগীর আলমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, জাহাংগীর আলম ২০১০ সালের ১ ডিসেম্বর বাংলাদেশ পুলিশে যোগ দেন।