প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:৫২ এএম (ভিজিট : ৯৭)

সংগৃহীত ছবি
রাজবাড়ীর পাংশায় দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ অমিত হাসান রবিনের গ্রামের বাড়িতে হামলা, পরিবারের সদস্যদের মারধর এবং আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ উঠেছে। বিএনপির নাম ব্যবহারকারী কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে এ অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। এ সময় বাড়ি থেকে দুটি মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার পুইজোর গ্রামে অমিত হাসান রবিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে চলাফেরা করেন এবং দলটির নাম ব্যবহার করেন—এমন কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধভাবে বাড়িতে অতর্কিত হামলা চালান। অভিযুক্তদের মধ্যে আবদার জেলে, তাঁর ছেলে তুর্কি, হৃদয়সহ আরও কয়েকজন ছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
তাঁদের অভিযোগ, হামলাকারীরা বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের মারধর করেন। এ সময় টেলিভিশন, ফ্রিজসহ ঘরের বিভিন্ন আসবাবপত্র ও মালামাল ভাঙচুর করা হয়। একপর্যায়ে দুটি মোবাইল ফোন নিয়ে বাড়ি থেকে চলে যান তাঁরা।
হামলায় বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। আকস্মিক এ ঘটনায় পরিবারের সবাই আতঙ্কের মধ্যে রয়েছেন।
ঘটনার বিষয়ে অমিত হাসান রবিন বলেন, বিষয়টি পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হয়েছে। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত এবং তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সাংবাদিক অমিত হাসান রবিনের পরিবার।