বুধবার ● ১১ নভেম্বর ২০২৬ ● ২৬ কার্তিক ১৪৩৩

শিরোনাম: কারাগার থেকে বাসায় ফিরলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক   রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ চান রাষ্ট্রপতি   সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক-পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া   গাজী মাজহারুল আনোয়ারের সৃষ্টিকর্ম নিয়ে তিন দিনের চলচ্চিত্র উৎসব   লোহাগড়ার কৃতী চিকিৎসক ডা. শাহ ফয়েজ আলম আর নেই   শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির   হেগসেথের অভিশংসন উদ্যোগ আটকে দিলেন রিপাবলিকানরা   
হেগসেথের অভিশংসন উদ্যোগ আটকে দিলেন রিপাবলিকানরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১০:০৪ এএম   (ভিজিট : ১৬৮)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের ভোটারদের অসন্তোষের মধ্যে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আটকে দিয়েছেন রিপাবলিকান আইনপ্রণেতারা। প্রতিনিধি পরিষদের ভোটাভুটিতে এ উদ্যোগ বাধাগ্রস্ত হওয়ায় রাজনৈতিকভাবে কিছুটা স্বস্তি পেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের পরাজয়ের এক সপ্তাহের মাথায় এ ঘটনা ঘটল। বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধ নিয়ে ভোটারদের ক্ষোভ নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলেছে। আর ওই যুদ্ধে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের অন্যতম পিট হেগসেথ।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার (১০ নভেম্বর) প্রতিনিধি পরিষদে অনুষ্ঠিত ভোটাভুটিতে অভিশংসনের অভিযোগগুলো রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউস জুডিশিয়ারি কমিটিতে পাঠানোর প্রস্তাব পাস হয়। এর ফলে রিপাবলিকান প্রতিনিধি টমাস ম্যাসির নেতৃত্বে হেগসেথকে পদ থেকে সরানোর উদ্যোগ কার্যত বাধার মুখে পড়ে।

ডেমোক্র্যাট আইনপ্রণেতারাও অভিশংসনের উদ্যোগে সমর্থন জানিয়েছিলেন। ফলে এই ভোটের মাধ্যমে রিপাবলিকানরা ট্রাম্প প্রশাসনের অবস্থান থেকে সরে এসে ইরান যুদ্ধের দায় এড়ানোর চেষ্টা করেন কি না, তা পর্যবেক্ষণের সুযোগ তৈরি হয়েছিল।

মঙ্গলবারের ভোটে প্রস্তাবের পক্ষে ২১১টি এবং বিপক্ষে ২০৪টি ভোট পড়ে। রিপাবলিকানদের মধ্যে একমাত্র টমাস ম্যাসি প্রস্তাবের বিপক্ষে ভোট দেন। এই সিদ্ধান্তের ফলে হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া দীর্ঘায়িত করার সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে আনা আটটি অভিযোগের ওপর সরাসরি ভোট এড়াতে পারবেন আইনপ্রণেতারা। অভিযোগগুলোর মধ্যে ইরান যুদ্ধের বিষয়টিও রয়েছে।

ভোটের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘যুদ্ধমন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের ডেমোক্র্যাটদের চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে! টমাস ম্যাসি ছাড়া প্রতিটি রিপাবলিকান পিটের পক্ষে ভোট দিয়েছেন। ম্যাসি একজন বড় মাপের পরাজিত ব্যক্তি।’

তবে প্রতিনিধি পরিষদের ভোটের ফলাফল যাই হোক, যুক্তরাষ্ট্রের সিনেটে হেগসেথের অভিশংসন অনুমোদনের সম্ভাবনা কম ছিল। কারণ, সেখানে অভিশংসনের জন্য দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন। অথচ সিনেটে রিপাবলিকানদের আসন রয়েছে ৫৩টি।

টমাস ম্যাসির আনা প্রস্তাবে হেগসেথের বিরুদ্ধে আটটি পৃথক অভিযোগ উত্থাপন করা হয়েছিল। এতে বলা হয়, কংগ্রেসের অনুমোদন ছাড়াই তিনি ইরানের বিরুদ্ধে অবৈধ যুদ্ধ শুরু করেছেন। পাশাপাশি মাদক পাচারের অভিযোগে বিভিন্ন নৌযানে হামলার সামরিক অভিযান তদারকির অভিযোগও আনা হয় তাঁর বিরুদ্ধে। আইন বিশেষজ্ঞদের মতে, এ ধরনের হামলা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শামিল হতে পারে।

অভিশংসনের প্রস্তাবকে ‘অন্তর্ঘাত’ ও ‘প্রহসন’ বলে অভিহিত করেছেন হেগসেথ। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ তাঁর প্রশাসনের প্রভাবশালী সদস্যরা প্রতিরক্ষামন্ত্রীর প্রতি সমর্থন অব্যাহত রেখেছেন।

এদিকে বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে, পেট্রোল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির জন্য ভোটারদের একটি অংশ ইরান যুদ্ধকে দায়ী করছেন। এমন পরিস্থিতিতে প্রশাসনে হেগসেথের অবস্থান নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর সেই জল্পনা আরও জোরালো হয়েছে।

মঙ্গলবার হেগসেথের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিদায়ী রিপাবলিকান সিনেটর জোনি আর্নস্ট। তিনি প্রশ্ন করেন, ‘যুদ্ধের পরিস্থিতি নিয়ে তিনি কি সত্য কথা বলছেন?’









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]