প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:২৫ এএম (ভিজিট : ৮৫)

সংগৃহীত ছবি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মহাকাশ ও বিমানবাহিনীর অধীনে নতুন একটি ক্ষেপণাস্ত্র সিটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে এই সামরিক স্থাপনার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ এবং খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি। এ ছাড়া আইআরজিসির মহাকাশ ও বিমানবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মাজিদ মুসাভিও অনুষ্ঠানে অংশ নেন।
নতুন এই ক্ষেপণাস্ত্র সিটি উদ্বোধনের মধ্য দিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির অবকাঠামোগত সক্ষমতার বিষয়টি আবারও সামনে এসেছে। সংশ্লিষ্ট স্থাপনাটির মূল উদ্দেশ্য হলো ক্ষেপণাস্ত্র ইউনিটগুলোর কার্যক্রম সচল রাখা, প্রয়োজনীয় লজিস্টিক ও প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করা এবং যেকোনো সম্ভাব্য হুমকি মোকাবিলায় সামরিক প্রস্তুতি বজায় রাখা।
প্রতিবেদন অনুযায়ী, ইরানের প্রতিরোধমূলক সামরিক কৌশলের অন্যতম প্রধান শক্তি দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা। এ কারণে ক্ষেপণাস্ত্র উৎপাদন ও প্রযুক্তিগত উৎকর্ষ সাধনের পাশাপাশি সংশ্লিষ্ট সামরিক অবকাঠামো সম্প্রসারণেও বিশেষ গুরুত্ব দিচ্ছে তেহরান।
ইরানের প্রতিরক্ষা কৌশলে এসব ক্ষেপণাস্ত্র স্থাপনা সামরিক সক্ষমতা সংরক্ষণ, কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং জাতীয় প্রতিরক্ষা প্রস্তুতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।