প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৬:৪২ পিএম (ভিজিট : ২৫)

সংগৃহীত ছবি
দুর্নীতির মামলায় কারাদণ্ডপ্রাপ্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক বাকি সাজা গৃহবন্দি অবস্থায় ভোগ করার সুযোগ পেয়ে কারাগার থেকে নিজ বাসভবনে ফিরেছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে পুলিশের কঠোর ও সশস্ত্র নিরাপত্তার মধ্যে একটি এসইউভি গাড়িতে করে কুয়ালালামপুরের নিজ বাসভবনে পৌঁছান ৭৩ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী। এ সময় তার বাড়ির সামনে বিপুলসংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল থেকে শত শত কোটি ডলার আত্মসাতের মামলায় দোষী সাব্যস্ত হয়ে প্রায় চার বছর কারাগারে ছিলেন তিনি। বাসায় ফেরার মধ্য দিয়ে তার কারাবাসের অবসান হলো।
২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা নাজিব রাজাক ওয়ানএমডিবি (ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ) দুর্নীতি কেলেঙ্কারির দুটি মামলায় দোষী সাব্যস্ত হন। প্রথম মামলায় ২০২০ সালে তাকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ২০২২ সালে তাকে কারাগারে পাঠানো হয়। পরে আপিলের মাধ্যমে তার সাজা কমিয়ে অর্ধেক করা হয়।
গত সেপ্টেম্বরে মালয়েশিয়ার রাজা তাকে শর্তসাপেক্ষে ক্ষমা করেন। এর ফলে বাকি দুই বছরের সাজা কারাগারের পরিবর্তে নিজ বাসায় গৃহবন্দি থেকে ভোগ করার সুযোগ পান তিনি। রাজকীয় ক্ষমার শর্ত অনুযায়ী, নাজিবের দলকে ১ কোটি ২০ লাখ ডলার জরিমানাও দিতে হয়েছে।
অ্যাটর্নি জেনারেলের আবেদনের পরিপ্রেক্ষিতে গৃহবন্দি থাকার প্রক্রিয়াটি সাময়িকভাবে স্থগিত ছিল। তবে মঙ্গলবার হাইকোর্ট আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকরের নির্দেশ দেন। এর আগেই কুয়ালালামপুরের অভিজাত এলাকায় অবস্থিত নাজিবের বাসভবনকে কেন্দ্রীয় কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছিল।
প্রায় এক দশক আগে রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ওয়ানএমডিবি থেকে অর্থ আত্মসাতের ঘটনা প্রকাশ্যে আসার পর নাজিব সরকারের পতন ঘটে। তদন্তকারীদের হিসাব অনুযায়ী, ওই তহবিল থেকে প্রায় ৪৫০ কোটি ডলার সরিয়ে নেওয়া হয়েছিল। কৌঁসুলিদের দাবি, আত্মসাৎ করা অর্থের মধ্যে ১০০ কোটি ডলারের বেশি নাজিবের ব্যক্তিগত ব্যাংক হিসাবে জমা হয়েছিল।
তবে নাজিবকে কারাগার থেকে বাসায় পাঠানোর সিদ্ধান্ত নিয়ে মালয়েশিয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। সমালোচকদের আশঙ্কা, এ সিদ্ধান্ত দেশটির দুর্নীতিবিরোধী প্রচেষ্টাকে দুর্বল করে দিতে পারে। এ ছাড়া মালয়েশিয়ার প্রচলিত আইনে গৃহবন্দি থাকার কোনো সুস্পষ্ট বিধান না থাকায় সিদ্ধান্তটির আইনি ভিত্তি নিয়েও প্রশ্ন উঠেছে।
বর্তমান মামলায় নাজিবের গৃহবন্দিত্বের মেয়াদ ২০২৮ সালের আগস্টে শেষ হওয়ার কথা। তবে এরপরও তার পুরোপুরি মুক্তি পাওয়ার সুযোগ নেই। ওয়ানএমডিবি তহবিল থেকে প্রায় ২৩০ কোটি মালয়েশীয় রিঙ্গিত বা ৫৬ কোটি ৯০ লাখ ডলার আত্মসাতের অভিযোগে দ্বিতীয় একটি মামলায় ২০২৫ সালের ডিসেম্বরে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। বর্তমানে ওই রায়ের বিরুদ্ধে আপিল করছেন তিনি।
ফলে বর্তমান মামলায় গৃহবন্দিত্বের মেয়াদ শেষ হলে দ্বিতীয় মামলার সাজা ভোগ করতে হবে মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রীকে।