প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১০:০০ এএম (ভিজিট : ১৩৯)

সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও অস্থিতিশীলতার জন্য ইরানের শাসকগোষ্ঠীকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তাঁর অভিযোগ, এ অঞ্চলের বিভিন্ন দেশে সংঘাত ও অস্থিরতা ছড়িয়ে দেওয়ার পেছনে তেহরানের ভূমিকা রয়েছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের অস্থিতিশীল পরিস্থিতি বিশ্লেষণ করলে এর পেছনে একটি অভিন্ন যোগসূত্র পাওয়া যায়। এ প্রসঙ্গে ইয়েমেনের হুতি বিদ্রোহী, ইরাকের বিভিন্ন সশস্ত্র মিলিশিয়া, লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস এবং সিরিয়ার গৃহযুদ্ধের উদাহরণ তুলে ধরেন তিনি।
এসব ঘটনার মধ্যে কীসের মিল রয়েছে, সেই প্রশ্ন তুলে নিজেই এর উত্তর দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাত ও অস্থিতিশীল কর্মকাণ্ডের পেছনে রয়েছে ইরানি শাসকগোষ্ঠী।
রুবিও বলেন, ‘এ অঞ্চলের সব অস্থিতিশীলতার পেছনে তারাই রয়েছে। তারাই মধ্যপ্রাচ্যের অস্থিরতার মূল উৎস। আমার মনে হয়, এ অঞ্চলের দেশগুলোও বিষয়টি উপলব্ধি করতে পারছে।’
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরে তিনি ইরানের আঞ্চলিক কর্মকাণ্ডকে এ অঞ্চলের অস্থিতিশীলতার অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন।