
সংগৃহীত ছবি
প্রয়াত কিংবদন্তি গীতিকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারের কালজয়ী সৃষ্টিকর্মকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)। ২০২৭ সালের ফেব্রুয়ারির শুরুতে এ উৎসব আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। এতে যুক্ত হয়েছেন তার মেয়ে কণ্ঠশিল্পী দিঠি আনোয়ার।
বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি জানিয়েছেন, উৎসবে গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি তার লেখা জনপ্রিয় ও কালজয়ী গান পরিবেশন করা হবে।
১৯৪৩ সালের ২২ ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি উপজেলার তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন গাজী মাজহারুল আনোয়ার। ১৯৬৪ সালে তৎকালীন রেডিও পাকিস্তানে গান লেখার মধ্য দিয়ে তার পেশাদার সংগীতজীবনের সূচনা হয়। তার রচিত গানের সংখ্যা ২০ হাজারেরও বেশি। দেশপ্রেম, মুক্তিযুদ্ধ, প্রকৃতি, জীবনবোধ, প্রেম, বিরহ ও মানবিক অনুভূতি তার গানে বিশেষভাবে উঠে এসেছে।
১৯৬২-৬৩ সালে মেডিক্যাল কলেজে পড়ার সময় তিনি লেখেন তার প্রথম গান ‘বুঝেছি মনের বনে রং লেগেছে’। গানটির সুর করেছিলেন নাজমূল হুদা বাচ্চু এবং কণ্ঠ দিয়েছিলেন ফরিদা ইয়াসমিন। ১৯৬৪ সালে রেডিও পাকিস্তানে গান লিখে ৫০ টাকা পারিশ্রমিক পাওয়ার মধ্য দিয়ে পেশাদার গীতিকার হিসেবে যাত্রা শুরু করেন তিনি।
১৯৬৫ সালে চলচ্চিত্রে যুক্ত হওয়ার পর গান রচনার পাশাপাশি চিত্রনাট্য, সংলাপ ও কাহিনী লেখায়ও নিজেকে প্রতিষ্ঠিত করেন গাজী মাজহারুল আনোয়ার। বাংলাদেশ টেলিভিশনের যাত্রার শুরু থেকেই বিভিন্ন ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
সুভাষ দত্ত পরিচালিত ‘আয়না ও অবশিষ্ট’ চলচ্চিত্রের ‘আকাশের হাতে আছে একরাশ নীল’ গানটি দিয়ে চলচ্চিত্রের গান লেখা শুরু করেন তিনি। গীতিকার হিসেবে পরিচিতি পেলেও কাহিনীকার, চিত্রনাট্যকার ও পরিচালক হিসেবেও ছিল তার সফল পদচারণা।
নিজের প্রযোজনা প্রতিষ্ঠান দেশ চিত্রকথার ব্যানারে তিনি ‘শাস্তি’, ‘স্বাধীন’, ‘শর্ত’, ‘সমর’, ‘শ্রদ্ধা’, ‘ক্ষুধা’, ‘স্নেহ’, ‘তপস্যা’, ‘উল্কা’, ‘আম্মা’, ‘পরাধীন’, ‘আর্তনাদ’, ‘পাষাণের প্রেম’ ও ‘এই যে দুনিয়া’সহ বেশ কয়েকটি চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনা করেন।
বিবিসির জরিপে সর্বকালের সেরা ২০টি বাংলা গানের তালিকায় তার লেখা তিনটি গান স্থান পেয়েছে। গানগুলো হলো—‘জয় বাংলা বাংলার জয়’, ‘একতারা তুই দেশের কথা বল’ এবং ‘একবার যেতে দে না’।
গীতিকার হিসেবে সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন গাজী মাজহারুল আনোয়ার। এ ছাড়া ২০০২ সালে একুশে পদক, ১৯৭২ সালে প্রেসিডেন্ট স্বর্ণপদক, এস এম সুলতান স্মৃতি পদক এবং একাধিকবার বাচসাস পদকসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন এই কিংবদন্তি শিল্পী।