বুধবার ● ১১ নভেম্বর ২০২৬ ● ২৬ কার্তিক ১৪৩৩

শিরোনাম: কারাগার থেকে বাসায় ফিরলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক   রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ চান রাষ্ট্রপতি   সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক-পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া   গাজী মাজহারুল আনোয়ারের সৃষ্টিকর্ম নিয়ে তিন দিনের চলচ্চিত্র উৎসব   লোহাগড়ার কৃতী চিকিৎসক ডা. শাহ ফয়েজ আলম আর নেই   শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির   হেগসেথের অভিশংসন উদ্যোগ আটকে দিলেন রিপাবলিকানরা   
শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১০:১১ এএম   (ভিজিট : ১৭৩)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শিক্ষার্থীদের অর্জিত শিক্ষা, জ্ঞান ও দক্ষতা দেশ এবং মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, শিক্ষার্থীদের সাফল্যের প্রকৃত মূল্যায়ন শুধু ব্যক্তিগত অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং অন্যের জীবনে কতটা ইতিবাচক পরিবর্তন আনতে পারছেন, তার ওপরই নির্ভর করবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)-এর ২৭তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত হয়ে সমাবর্তনের উদ্বোধন করেন প্রেসিডেন্ট।

মির্জা ফখরুল বলেন, অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। দেশের সাধারণ মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। যাঁদের শ্রম ও অবদানে দেশের অর্থনীতি সচল থাকে এবং জীবনের চাকা ঘোরে, তাঁদের যথাযথ গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, সমাবর্তন কেবল সনদ অর্জনের আনুষ্ঠানিকতা নয়। এটি দীর্ঘদিনের অধ্যবসায়, পরিশ্রম ও নিষ্ঠার স্বীকৃতি। একই সঙ্গে নতুন দায়িত্ব গ্রহণ এবং অর্জিত জ্ঞান ব্যক্তি, সমাজ ও দেশের কল্যাণে ব্যবহারের অঙ্গীকার। প্রাতিষ্ঠানিক শিক্ষা সনদ অর্জনের মধ্য দিয়ে শেষ হতে পারে, কিন্তু মানুষ হয়ে ওঠার শিক্ষা কখনো শেষ হয় না।

প্রেসিডেন্ট আরও বলেন, সমাবর্তন শিক্ষার্থীদের অর্জনের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের প্রতি নতুন দায়িত্বও অর্পণ করে। শুধু সনদনির্ভর জ্ঞান দিয়ে ব্যক্তি কিংবা দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। এ জন্য প্রয়োজন অন্তর্গত প্রেরণা, গভীর দেশপ্রেম এবং মানবিক ও নৈতিক মূল্যবোধ।

উচ্চশিক্ষার মানদণ্ড তুলে ধরে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সাফল্য শুধু প্রতিষ্ঠানের সংখ্যা কিংবা ডিগ্রিধারীর সংখ্যা দিয়ে পরিমাপ করা যায় না। শিক্ষার গুণগত মান, সময়োপযোগী পাঠ্যক্রম, দক্ষ শিক্ষক, শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান ও দক্ষতা অর্জন এবং উপযুক্ত কর্মসংস্থানই একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাফল্যের মাপকাঠি।

সময়ের সঙ্গে তাল মিলিয়ে যুগোপযোগী শিক্ষা ও দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করে মির্জা ফখরুল বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত অগ্রগতি মানুষের জীবনযাত্রা, অর্থনীতি ও কর্মসংস্থানের প্রচলিত ধারণায় পরিবর্তন আনছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, জীবপ্রযুক্তি ও রোবটিকসের মতো নতুন প্রযুক্তি কর্মজগতের ধরন বদলে দিচ্ছে।

তিনি বলেন, বর্তমানে যে জ্ঞান ও দক্ষতা দিয়ে কাজ করা হচ্ছে, কয়েক বছর পর একই কাজের জন্য সম্পূর্ণ নতুন দক্ষতার প্রয়োজন হতে পারে। তাই ডিগ্রি অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত নতুন বিষয় শেখা, স্বাধীনভাবে চিন্তা করা, সমস্যা সমাধানের সক্ষমতা অর্জন এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে।

এ সময় গত দেড় দশকে শিক্ষা খাতে অনিয়মের কারণে দেশের বিপুল সম্ভাবনাময় তরুণ সমাজ হতাশার মুখে পড়েছিল বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট।

তিনি বলেন, ওই সময়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অনেক প্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষাব্যবস্থাও ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছিল। যথাযথ যাচাই-বাছাই ছাড়াই বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হয়েছিল। এসব মানহীন প্রতিষ্ঠান উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে এবং তরুণদের সম্ভাবনা বিকাশের পথ বাধাগ্রস্ত করেছে। এর ফলে ব্যক্তি ও দেশের মেধা এবং সম্ভাবনার বড় ধরনের অপচয় হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানের আগে আইইউবির উপ-উপাচার্য প্রফেসর ড্যানিয়াল ডব্লিউ লান্ড স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির জন্য যোগ্য শিক্ষার্থীদের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সামনে উপস্থাপন করেন। পরে প্রেসিডেন্ট শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করেন। আচার্য পদকপ্রাপ্ত তিন শিক্ষার্থীসহ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারীদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. ম. তামিম। সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন প্রফেসর ড. আইনুন নিশাত।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমদ, বিশ্ববিদ্যালয়ের এডুকেশন, সায়েন্স, টেকনোলজি অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ট্রাস্টের চেয়ারম্যান মো. জাকারিয়া খান এবং আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দিদার হোসেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]