বুধবার ● ১১ নভেম্বর ২০২৬ ● ২৬ কার্তিক ১৪৩৩

শিরোনাম: কারাগার থেকে বাসায় ফিরলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক   রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ চান রাষ্ট্রপতি   সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক-পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া   গাজী মাজহারুল আনোয়ারের সৃষ্টিকর্ম নিয়ে তিন দিনের চলচ্চিত্র উৎসব   লোহাগড়ার কৃতী চিকিৎসক ডা. শাহ ফয়েজ আলম আর নেই   শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির   হেগসেথের অভিশংসন উদ্যোগ আটকে দিলেন রিপাবলিকানরা   
আইনশৃঙ্খলা পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত আমির
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:২৮ এএম   (ভিজিট : ৪৯)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে এর সম্পূর্ণ দায় সরকারকে নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, বিরোধী দল হিসেবে সরকারের ব্যর্থতার দায় তারা নিতে চান না। তবে সরকার ব্যর্থ হলে বিরোধী দল নিজেদের দায়িত্ব পালনে পিছপা হবে না।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ, হামলা ও সহিংসতার ঘটনা তুলে ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এসব ঘটনায় সরকারের পক্ষ থেকে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ দেখা যাচ্ছে না বলেও অভিযোগ করেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, গত কয়েক দিনে আর্মি গলফ ক্লাব, পুলিশের বিশেষ শাখা (এসবি) সদর দপ্তরের সামনে, থানার ফটক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টানা তিন দিন বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যার সর্বশেষ ঘটনায় দুজন আহত হয়েছেন। এ ছাড়া পার্বত্য অঞ্চলে সন্ত্রাসবিরোধী অভিযানে এক তরুণ সেনাসদস্যের মৃত্যু, সাজেক ভ্যালিকে ঘিরে অস্থিতিশীলতা এবং গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও উল্লেখ করেন তিনি।

সরকারি দলের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি বিভিন্ন স্থানে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগও তুলে ধরেন তিনি। এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাদের গ্রেপ্তার করেছে, সে বিষয়ে বিরোধী দলের কাছে স্পষ্ট কোনো তথ্য নেই বলে দাবি করেন ডা. শফিকুর রহমান। বরং কয়েকজনকে সাধারণ মানুষ আটক করে বাহিনীর হাতে তুলে দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বিজিবি, এসআরবি, এপিবিএন, পুলিশ ও আনসার ব্যাটালিয়নের মতো একাধিক বাহিনী থাকার পরও কেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না, সেই প্রশ্ন তোলেন জামায়াত আমির। তিনি বলেন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে এ বিষয়ে সুস্পষ্ট বক্তব্য প্রত্যাশা করলেও অধিবেশনের প্রথম দুই দিনেও তা পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় সরকার, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এড়াতে পারে না।

বক্তব্যে একজন প্রতিমন্ত্রীর আচরণ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। ডা. শফিকুর রহমানের অভিযোগ, ওই প্রতিমন্ত্রী বিরোধী দলের এক সংসদ সদস্যকে ফোন করে তাদের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন। একজন নির্বাচিত জনপ্রতিনিধির সঙ্গে এ ধরনের আচরণ কতটা গ্রহণযোগ্য, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

জাতীয় সংকটে বিরোধী দল হিসেবে সহযোগিতার আগ্রহ প্রকাশ করে জামায়াত আমির বলেন, অতীতে অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন সংকট মোকাবিলায় রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে নিয়ে আলোচনা এবং অভিন্ন বার্তা দেওয়ার নজির রয়েছে। বর্তমান সরকার এককভাবে পরিস্থিতি সামাল দিতে চাইলে তা করতে পারে। তবে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন হলে তা স্পষ্টভাবে জানাতে হবে। সহযোগিতা চাওয়া হলে তারা আন্তরিকতার সঙ্গে বিষয়টি বিবেচনা করবেন।

এ সময় আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন এবং সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের পরস্পরবিরোধী বক্তব্যেরও সমালোচনা করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সরকারের কোনো উপদেষ্টা কখনো আওয়ামী লীগের সঙ্গে পুনর্মিলনের সম্ভাবনার কথা বলছেন, আবার কয়েক দিন পরই তা অসম্ভব বলে মন্তব্য করছেন। একইভাবে কোনো নির্বাচিত সংসদ সদস্য প্রকাশ্যে আওয়ামী লীগকে ধন্যবাদ জানালে সাধারণ মানুষের কাছে কী বার্তা পৌঁছায়, সেই প্রশ্নও তোলেন তিনি।

জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দেশের মানুষ জীবন ও রক্ত দিয়েছে। সেই ফ্যাসিবাদের ‘প্রেতাত্মা’ সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশ করবে, আর দায়িত্বশীল ব্যক্তিরা একেক সময় একেক ধরনের বক্তব্য দেবেন- এটি গ্রহণযোগ্য হতে পারে না।

গোয়েন্দা সংস্থাগুলোর কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার বক্তব্য, গোয়েন্দা সংস্থার কার্যালয়ের সামনেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। অথচ বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি করতে গোয়েন্দা সদস্যদের তৎপরতার অভিযোগ উঠছে।

সংসদে এক সদস্যের বক্তব্যের প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, একটি গোয়েন্দা সংস্থা থেকে ফোন করে এক নেতাকে জামায়াত ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ফোনটি সত্য নাকি ভুয়া, তা তদন্তের জন্য সংশ্লিষ্ট নম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়ার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে কোনো গোয়েন্দা সদস্যের এ ধরনের কথা বলার এখতিয়ার রয়েছে কি না, সেই প্রশ্নও তোলেন।

তিনি আরও বলেন, ‘আমাদের সন্তানদের রক্ত এখনও আমাদের চোখের সামনে তাজা। এই রক্তের ওপর দাঁড়িয়ে বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদকে সুযোগ করে দেওয়া যাবে না।’

বক্তব্যের শেষ পর্যায়ে স্পিকারের মাধ্যমে সরকারের কাছে কার্যকর প্রতিকার, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সুস্পষ্ট বক্তব্য এবং দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার দাবি জানান বিরোধীদলীয় নেতা। তিনি পুনর্ব্যক্ত করেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সরকার সেই দায়িত্ব পালনে ব্যর্থ হলে বিরোধী দল নিজেদের সাংবিধানিক ও রাজনৈতিক দায়িত্ব পালন করবে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]