প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫:৫১ পিএম (ভিজিট : ১০৫)

সংগৃহীত ছবি
প্রতিরক্ষা, বাণিজ্য ও কৌশলগত সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দেশের মধ্যে সাম্প্রতিক সময়ে উচ্চপর্যায়ের যোগাযোগ বৃদ্ধির প্রেক্ষাপটে এ বৈঠককে বেশ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় আন্তালিয়ার ম্যাক্স রয়্যাল হোটেলে দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার সকালে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। সম্মেলনের ফাঁকে আরও কয়েকটি দেশের শীর্ষ নেতার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এরদোয়ানের সঙ্গে এটি তারেক রহমানের দ্বিতীয় সাক্ষাৎ। এর আগে গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রথমবারের মতো বৈঠক করেন তারা। ওই বৈঠকে প্রতিরক্ষাশিল্পে সহযোগিতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং দুই দেশের সম্পর্ককে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এরদোয়ান।
এর আগে গত জুনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বাংলাদেশ সফর করেন। সে সময় প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠকে দুই দেশের সম্পর্ককে কৌশলগত পর্যায়ে উন্নীত করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
এ ছাড়া গত জুলাইয়ে বাংলাদেশের সেনাপ্রধানের তুরস্ক সফরেও সামরিক প্রশিক্ষণ, প্রতিরক্ষাপ্রযুক্তি এবং প্রতিরক্ষাশিল্পে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি রোহিঙ্গা সংকটও দুই দেশের দ্বিপক্ষীয় আলোচনায় বিশেষ গুরুত্ব পাচ্ছে।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, আন্তালিয়ায় এরদোয়ান ও তারেক রহমানের বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। বিশেষ করে প্রতিরক্ষা, বাণিজ্য ও কৌশলগত অংশীদারত্বে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির প্রত্যাশা রয়েছে।